২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ গড়তে ভোট চায় জাপা

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নির্বাচিত করে বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ গড়তে ভোটারদের সহযোগিতা চেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 11:44 PM

Updated : 22 Aug 2022, 04:50 PM

বুধবার চট্টগ্রাম-৯ আসনের নাগরিক কমিটি মনোনীত এই প্রার্থী নগরীর বাকলিয়ার বিভিন্ন এলাকায় জনসংযোগের সময় ভোটারদের প্রতি এ আহ্বান জানান।

দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে জনসংযোগের সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়া উদ্দিন বাবলু বলেন, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বদ্ধ পরিকর।

“আমরাও বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আপনাদের কাছে আমার আবেদন ৫ জানুয়ারির নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নির্বাচিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে শরিক হোন।”

জনসংযোগকালে বাবলু বলেন, ১৯৭৫ সালে স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রে বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন। স্বাধীনতা বিরোধীরা মনে করেছিল বাংলাদেশের অগ্রযাত্রা সেখানেই থেমে যাবে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করেছি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাঙ্গালির হৃদয়ে বঙ্গবন্ধু চির অম্লান হয়ে থাকবে। কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ”।

জনসংযোগের সময় বাবলুর সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, জাতীয় পার্টি নেতা শায়েস্তা খান চৌধুরী প্রমুখ।

বুধবার বাকলিয়ার বৌ বাজার, ময়দার মিল, বাদিয়ার টেক, ইসহাকের পুল, তক্তার পুল, চর চাক্তাই, নয়া মসজিদ, মিয়া খান নগর এলাকায় জনসংযোগ করেন বাবলু।

এদিকে নগরীর বিভিন্ন এলাকায় বাবলুর পক্ষে ভোট চেয়ে নগর আওয়ামী লীগের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

এসব প্রচারণায় নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে বাবলুর জন্য ভোট চাওয়া হয়।

চট্টগ্রাম-৯ আসনে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাংসদ নুরুল ইসলাম বিএসসিকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়। পরে তিনি ‘প্রধানমন্ত্রীর অনুরোধে’ মনোনয়ন প্রত্যাহার করেন।