গাজীপুরে পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগ
গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকায় পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার মধ্যরাতে চান্দাইয়া গ্রামের কাপড় ব্যবসায়ী ফজলুল হকের বাড়িতে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
‘ডাকাতদের’ হামলায় ব্যবসায়ীসহ তার পরিবারের দুই সদস্য আহত হয়েছেন। তারা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলেও গৃহকর্তা অভিযোগ করেন।
আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৃহকর্তা ফজলুল হকের ছোট ভাই শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা তাৎক্ষণিকভাবে ঘটনাটি পুলিশকে জানালেও যথাসময়ে সাড়া পাননি। বুধবার সকাল ১০টার দিকে একদল পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
তবে কালীগঞ্জ থানার ওসি মো. নাজমূল হক ভূইয়া দাবি করেন, ডাকতি নয়, জমি নিয়ে বিরোধের জেরে ওই রাতের ঘটনাটি ঘটেছে।
তিনি আরো বলেন, বুধবার সকালে ইউএনও মো. কামরুল আহসান তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় পুলিশ সেখান থেকে একটি ককটেল সদৃশ বস্তু, সাবল ও সেলাইরেঞ্জ উদ্ধার করে।
ফজলুল হাকের স্ত্রী রহিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ২টার দিকে ৭/৮ জনের একটি দল নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। এক পর্যায়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে তারা।
“ডাকাতদের’ একজনকে চিনে ফেলায় তারা আমাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় আমাকে বাঁচাতে এগিয়ে এলে ফজলুল হক (৪৩) ও ছেলে সজিবকেও (১৫) আঘাত করা হয়।”
আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ফজলুল হক ও সজিবকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয় বলেও গৃহকত্রী রহিমা জানান।
