২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সওজ ভবনে আগুন, দগ্ধ ৩

জেনারেটর বিস্ফোরণ থেকে পাবনায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ভবনে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 06:53 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বুধবার সন্ধ্যা ৬টার দিকে শহরের লাইব্রেরি বাজার এলাকায় ওই ভবনে অগ্নিকাণ্ডের কথা নিশ্চিত করেন পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম।

দগ্ধ হয়েছেন সওজের পিয়ন মুক্তার হোসেন (৬০) ও দেলোয়ার হোসেন (৩৫) এবং হেডক্লার্ক রবিউল আলম (৩৮)।

তাদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মুক্তার হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি কাজী হানিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যায় ভবনটির নিচতলায় জেনারেটর চালু করার সময় হঠাৎ সেটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

“খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আধা ঘণ্টা পর আগুন নেভান।”

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ওসি।