২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে তিন আসনে নৌকার প্রতিদ্বন্দ্বী আ. লীগ 

দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের বাকি আর চারদিন। ৫ জানুয়ারি সকাল থেকে বিকাল পর‌্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 05:11 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত আছেন যশোরের চারটি আসনের প্রার্থীরা। ছয় আসনের মধ্যে দুটিতে একক প্রার্থী হওয়ায় সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার অপেক্ষায় আছেন দুই প্রার্থী।

যে চারটি আসনে নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে রয়েছেন দলের বিদ্রোহী তিনজন এবং নবগঠিত দল বিএনএফ-এর একজন।

যশোরের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, যশোর-১ (শার্শা) আসনে বর্তমান আওয়ামী লীগ সাংসদ শেখ আফিল উদ্দিন ও যশোর-৩ (সদর) আসনে একই দলের কাজী নাবিল আহমেদ একক প্রার্থী।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে আওয়ামী লীগের প্রার্থী মনিরুল ইসলাম মনির প্রতিপক্ষ হলের দুজন। এরমধ্যে কলস প্রতীক নিয়ে রয়েছেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী একই দলের রফিকুল ইসলাম।

আরেকজন হলেন জাতীয় পার্টির (মঞ্জু) প্রার্থী বিএম সেলিম রেজা, প্রতীক বাইসাইকেল।

যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ রণজিত কুমার রায়। কলস প্রতীক নিয়ে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদের হুইপ একই দলের আবদুল ওহাব।

যশোর-৫ (মনিরামপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ খান টিপু সুলতান। তার প্রতিদ্বন্দ্বী হলেন একই দলের স্বপন ভট্টাচার্য্য চাঁদ, যার প্রতীক কলস।

যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের স্ত্রী ইসমত আরা সাদেক।টেলিভিশন প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বিতা করছেন নবগঠিত বিএনএফের প্রার্থী প্রশান্ত বিশ্বাস ।