২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তারা এক-এগারোর পুনরাবৃত্তি চেয়েছিল’

নির্বাচন বন্ধ করার ‘ষড়যন্ত্র’ চলছে জানিয়ে তাদের সম্পর্কে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

রয়টার্স

Published : 01 Jan 2014, 04:01 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বুধবার রাজধানীর মিরপুরে এক জনসভায় তিনি বলেন, “নির্বাচন বন্ধ করার অনেক ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। তারা এক-এগারোর পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল।

“যারা কিংস পার্টি প্রতিষ্ঠা করেছিল তারা এখনো সরব। অগণতান্ত্রিক সরকার হলে তাদের চাহিদা বাড়ে। তাই তারা নিজেরাই নিজেদের বিশিষ্ট নাগরিক হিসেবে ঘোষণা করেছেন।”

‘ষড়যন্ত্রকারীদের’ বিরুদ্ধে সজাগ হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

বিরোধী দলের বর্জনের মধ্যেই আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। এই নির্বাচন প্রতিহতের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

এ পরিস্থিতিতে নির্বাচন হলে সমাধান আসবে না বলে সম্প্রতি এক আলোচনা সভায় মত দেন নাগরিক সমাজের কয়েকজন প্রতিনিধি।

মিরপুর ১০ নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের এই নির্বাচনী জনসভায় ঢাকাবাসীর প্রতি ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, মানুষ যা চায় আওয়ামী লীগ তা করে। আর মানুষ যা চায় বিএনপি তার উল্টোটা করে।

“যুদ্ধাপরাধীদের বাঁচানো, জঙ্গিবাদ কায়েম করা, বোমা মেরে মানুষ হত্যা করা, জ্বালাও-পোড়াও তাদের কাজ। বোমাবাজি ছাড়া তারা আর কিছু বোঝে না, গণতন্ত্রও বোঝে না।”

স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগ প্রার্থী কামাল আহমেদ মজুমদারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ ও দলীয় সাংসদ আসলামুল হক বক্তব্য দেন।