২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ নিয়ে মন্তব্যে খালেদার বিরুদ্ধে ফের অভিযোগ

গোপালগঞ্জ নিয়ে মন্তব্য করায় মানহানি ও হুমকির অভিযোগে বিএনপি চেযারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে এবার আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন এক মুক্তিযোদ্ধা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 11:11 AM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজিবুর রহমান মোল্লা বুধবার সকালে আদালতে এই অভিযোগ জমা দেন।

ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ বিষয়ে শুনানি শেষে বিকালে আদেশের সময় রেখেছেন।

আগের দিন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে আদালতে একই অভিযোগ নিয়ে গেলে শুনানি শেষে বিচারক তা ফিরিয়ে দেন।

গত রোববার পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে নয়াপল্টন কার্যালয়ে যাওয়া চেষ্টা করে পুলিশের বাধায় ব্যর্থ হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। ওই সময় প্রধানমন্ত্রীর জেলা গোপালগঞ্জ নিয়েও তিনি মন্তব্য করেন।

এক নারী পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে খালেদা জিয়াকে বলতে শোনা যায়- “এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কী বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়, গোপালী? গোপালগঞ্জ জেলার নামই বদলিয়ে যাবে বুঝছেন, গোপালগঞ্জ আর থাকবে না।”

ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় গোপালগঞ্জসহ রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সমাবেশ থেকে খালেদা জিয়ার সমালোচনা করা হয়। রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপার্সনের কুশপুত্তলিকায় আগুন দেয়ারও খবর পাওয়া যায়।