২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাধান বাংলাদেশেই: ভারত

নির্বাচন নিয়ে চলমান সঙ্কটের অবসান বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সংলাপের মধ্য দিয়ে ঘটবে এবং তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে বলে আশা করছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নয়া দিল্লি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 11:50 PM

Updated : 23 Aug 2022, 07:34 PM

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগের মধ্যে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়ে নয়া দিল্লির অবস্থান জানানো হয়।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দিল্লি-ওয়াশিংটনের মতবিরোধের মধ্যে একদিন আগেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেছিলেন, বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের উচিত হবে ভারতের দৃষ্টিভঙ্গীকে গুরুত্ব দেয়া।

নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক মতভেদের মধ্যে আগামী ৫ জানুয়ারি বাংলাদেশের দশম সংসদ নির্বাচন হতে যাচ্ছে, যাতে অংশ নিচ্ছে না প্রধান বিরোধী দল বিএনপি।

দুই দলকে সমঝোতায় রাজি করাতে জাতিসংঘের মহাসচিব বান কি-মুন দূত পাঠিয়ে চূড়ান্ত ফল লাভে ব্যর্থ হন। এর মধ্যে দুই দলের সঙ্গে আলোচনা করেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মন্ত্রী এবং ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংহও।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “আমরা আশা করি, বাংলাদেশের বিদ্যমান মতভেদ অবসান শান্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়ে ঘটবে। আর তাতে যে ফল আসবে তা বাংলাদেশের সব মানুষের কাছে গ্রহণযোগ্য হবে।”

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনো অভিপ্রায়ই ভারতের নেই বলে জানান তিনি, যা এই মাসের শুরুতে ঢাকা সফরে গিয়ে সুজাতা সিংও বলেছিলেন। 

“বন্ধুপ্রতীম প্রতিবেশী রাষ্ট্র ও শুভানুধ্যায়ী হিসেবে আমরা চাই বাংলাদেশের রাজনৈতিক নেতারা একটি সমাধানে পৌঁছবেন। এবং তাতে দেশটির জনগণের প্রত্যাশা পূরণ হবে,” বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

Image
সৈয়দ আকবরউদ্দিন

সৈয়দ আকবরউদ্দিন

দুই দেশের মধ্যে দীর্ঘ স্থল সীমান্ত থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এক্ষেত্রে দুই দেশের কোনো একটিতে কোনো ঘটনা ঘটলে অন্যটি তার প্রভাব এড়াতে পারবে না।

“তাই বাংলাদেশে কী ঘটছে, সে বিষয়ে যেমন আমরা নজর রাখছি; তেমনি এখানে কী ঘটে, সেদিকেও বাংলাদেশকে নজর রাখতে হয়।

বাংলাদেশে দুই প্রধান রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থানের ফলে বর্তমান পরিস্থিতিকে ‘অনিশ্চিত এবং নাজুক’ বলে আখ্যায়িত করে সালমান খুরশিদ সোমবার ভারতের ইংরেজি দৈনিক ‘দ্য হিন্দুকে’ বলেন, “বাংলাদেশের প্রতিবেশী হিসেবে দেশটি (বাংলাদেশ) সম্পর্কে ভারতের বোঝাপড়া এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য সহায়ক হতে পারে।”

নির্বাচন পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দল সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হওয়ায় হতাশাও প্রকাশ করেন তিনি।

পুরনো খবর:

ভোটে ‘সর্বোচ্চ’ সংখ্যক দলকে চায় ভারত
বাংলাদেশ নিয়ে ভারতের সঙ্গে দূরত্ব ঘোচাতে উদ্যোগী ওবামা
‘দেবযানীকাণ্ডের পেছনে কূটনৈতিক মতবিরোধ’