ভোটে ‘সর্বোচ্চ’ সংখ্যক দলকে চায় ভারত
‘সর্বোচ্চ’ সংখ্যক দলের অংশগ্রহণে বাংলাদেশের আগামী নির্বাচন দেখতে চায় ভারত, যার ফলাফল হবে জনগণের কাছে গ্রহণযোগ্য।
বুধবার ঢাকায় নেমে শেখ হাসিনা, খালেদা জিয়া, এইচ এম এরশাদের সঙ্গে বৈঠকের পর রাতে এক সংবাদ সম্মেলনে একথা জানান ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং।
দশম সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘাতময় অবস্থার মধ্যে বাংলাদেশে প্রথম সফরে আসেন তিনি।
সুজাতার সফরের সময়ে নির্দলীয় সরকারের দাবিতে অবরোধ চলছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকে, যাতে সংঘাত ও নাশকতায় এদিন নিহত হন অন্তত ছয়জন।
অন্যদিকে সর্বদলীয় সরকার গঠনকরে নির্বাচনের দিকে এগোচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, যাদের মিত্র দল জাতীয় পার্টি নির্বাচনের পথে এগিয়েও আবার থমকে গেছে।
বর্তমান পরিস্থিতিতে কী করণীয়, তা নির্ধারণের ভার বাংলাদেশের জনগণের ওপরই বলে মন্তব্য করেন সুজাতা সিং।
“আমরা চাইব, এমন একটি নির্বাচন হবে, যেখানে জনগণ তাদের মতামতের প্রতিফলন স্বাধীনভাবে ঘটাতে পারবে।”
তার ভাষায়, এক্ষেত্রে ভারত তার স্বার্থে স্থিতিশীল ও উন্নতিশীল বাংলাদেশ চায়, সেই সঙ্গে চায় যেন প্রতিবেশী দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকে।
সকালে ঢাকায় নামার পর ব্যস্ত একটি দিন পার করে রাতে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের পররাষ্ট্র সচিব।
প্রধান বিরোধী দল বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন গণতন্ত্রসম্মত হবে কি না- নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদের এক প্রশ্নে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র চর্চার ধরন ভিন্ন। এক দেশের সঙ্গে এক দেশের মিল নাও থাকতে পারে।
বাংলাদেশে গণতন্ত্রের ধরন কী হবে তা এই দেশের মানুষই ঠিক করবে, বলেন সুজাতা।
নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান দলের মুখোমুখি অবস্থানে দেশে যখন গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে, তখন ভারতের পররাষ্ট্র সচিব আকস্মিক এই সফরে এলেন।
খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং।
জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেলের ওই সফর সঙ্কট নিরসনে বাংলাদেশের রাজনীতিকদের জন্য ‘সুবর্ণ সুযোগ’ বলে মনে করছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা।
বাংলাদেশকে নিয়ে ওয়াশিংটনের সঙ্গে নয়া দিল্লির রেষারেষির খবর প্রকাশের মধ্যে ঢাকা সফরে এসে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি সুজাতা সিং।
সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাড়িতে বৈঠকের পর বিএনপির সহসভাপতি, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত দেখতে চাওয়ার কথা জানিয়েছেন সুজাতা সিং।
“ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, তারা বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত দেখতে চায়। এব্যাপারে তারা সব ধরনের সহযোগিতা করবে।”
ঘণ্টাব্যাপী বৈঠকে সুজাতা সিং বিএনপি চেয়ারপারসনকে বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক এবং ব্যাপকভিত্তিক সম্পর্ক প্রত্যাশা করেন।
শমসের মবিন বলেন, “তিনি বলেছেন, বিরোধীদলীয় নেতার ২০১২ সালের ভারত সফরের মধ্য দিয়ে বিএনপির সঙ্গে নয়াদিল্লির নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তিনি আশা করেন, আগামীতে বিএনপির সঙ্গে এই সম্পর্ক আরো শক্তিশালী হবে।”
বিরোধীদলীয় নেতা ভারতের পররাষ্ট্র সচিবকে বলেছেন, তিনিও নিকট প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চান। দুই দেশের মধ্যকার এই সম্পর্ক পারস্পরিক লাভের ভিত্তিতে এগিয়ে নেয়া প্রয়োজন।
আগামী জাতীয় সংসদের নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে বৈঠকে থাকা শমসের মবিন বলেন, “এনিয়ে কোনো আলোচনা হয়নি।”
সুজাতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিরোধী দলের গুরুত্ব তুলে ধরে বলেন,বৃহৎ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবেই বিএনপি চেয়ারপারসন ও জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন তিনি।
এরশাদ বলেন, তার সঙ্গে বৈঠকে নির্বাচন না হলে ‘অগণতান্ত্রিক শক্তি কিংবা জামায়াত-শিবিরের’ উত্থান ঘটতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন।
“আমি তাকে বলেছি। জামায়াত-শিবিরের উত্থান হোক, এটা আমিও চাই না। যদি উত্থান ঘটে, তাহলে সে দায় সরকারের, আমার নয়।”
ভারত সরকার বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন চায় বলে সুজাতা জানিয়েছেন এরশাদকে। জবাবে তিনি বলেছেন, “এই অবস্থায় দেশে নির্বাচন সম্ভব নয়। এই সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। দেশের মানুষ শেখ হাসিনার পক্ষে নেই।”
খালেদার বাড়িতে যাওয়ার আগে বিকালে বারিধারায় এরশাদের বাড়িতে যান সুজাতা। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বৈঠকে দুই দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
“প্রধানমন্ত্রী দারিদ্র্য দূরীকরণের ওপর গুরুত্ব দেন এবং দরিদ্রতাকে এ অঞ্চলের প্রধান শত্রু হিসাবে উল্লেখ করে বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো একসঙ্গে কাজ করলে দারিদ্র্য দূর করা সম্ভব।”
পররাষ্ট্র সচিব মো.শহীদুল হকের আমন্ত্রণে দুই দিনের সফরে সুজাতার এই সফর বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব জানান।
ভারতের পররাষ্ট্র সচিব সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে ঢাকায় নামলে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।
এরপর প্রথমেই পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন তিনি। সফর শেষে বৃহস্পতিবার সকালে ঢাকা ছাড়বেন সুজাতা সিং।
