২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির আইনজীবীদের বাধায় অচল চট্টগ্রাম আদালত

বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের বাধার মুখে কার্যত অচল ছিল চট্টগ্রামের আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 09:28 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম আদালতে তাদের বাধার মুখে নির্বাহী হাকিমের আদালতসহ সব ধরণের আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

আইনজীবীরা জানান, সকালে মুখ্য মহানগর হাকিমের আদালতের সামনে গিয়ে ১৮ দলীয় আইনজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা বিক্ষোভ প্রদর্শন করে ও বিচার কার্যক্রম পরিচালনা করতে বাধা দেয়।

এসময় মুখ্য মহানগর হাকিম মুশিউর রহমান চৌধুরী এজলাস থেকে নেমে যান বলে আইনজীবীরা জানান।

এদিকে বিচারকের কাজে বাধা দেয়ার ঘটনাকে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বারের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কর্মবিরতি আহবান করেছে সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশন। চট্টগ্রাম বার ও সুপ্রীম কোর্ট বারের গঠনতন্ত্র আলাদা হওয়ায় এ কর্মবিরতি পালন করতে চট্টগ্রাম বারের আইনজীবীদের মধ্যে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই।”

আইনজীবীদের কর্মবিরতিতে বিচারকের কাজ করতে কোন বাধা নেই মন্তব্য করে কামাল বলেন, “বিচারকের কাজ বিচারক করবে। আর আইনজীবীরা কর্মবিরতি পালন করলে তারা কাজে অংশ নেবে না। কিন্তু বাধা দেয়াটা কাম্য নয়।”

মুখ্য মহানগর হাকিমের আদালত ও দ্রুত বিচার ট্রাইব্যুনালসহ বেশ কিছু আদালতের কার্যক্রমের পাশাপাশি অবকাশকালীন বিচারকের আদালত ও জেলা হাকিমের আদালতসহ বেশ কিছু আদালতের কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে বলে জানান আদালত সংশ্লিষ্টরা।

চট্টগ্রামের আদালতের সাবেক পিপি ও ১৮ দলীয় আইনজীবী সংগ্রাম পরিষদের নেতা আব্দুস সাত্তার বলেন, “দেশের বিচার বিভাগের ওপর হামলার প্রতিবাদে সুপ্রীম কোর্ট বার অ্যাসিয়েশন সারা দেশের আইনজীবীদের কর্মবিরতি পালনের আহবান জানিয়েছে। আমরা এই আহ্বানে সারা দিয়ে কর্মবিরতি পালন করেছি।”

এদিকে পেশাজীবী সংগঠনগুলোর লেজুড়বৃত্তি ও দলীয় এজেন্ডা বাস্তবায়নের হীন মানসিকতা থেকে এ ধরনের কর্মকাণ্ড হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বারের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।