চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পোশাককর্মী নিহত
চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় পোশাক কারখানার এক কর্মচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে পাঁচলাইশ থানার ষোলশহরে এই দুর্ঘটনায় নিহত হন ইব্রাহিম (২৫)।
তিনি নগরীর গোলপাহাড় এলাকার ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডস অ্যপারেলসের সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ষোলশহরে এলজিইডি ভবনের সামনে একটি যাত্রীবাহী রাইডার (হিউম্যান হলার) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
“এতে আহত ইব্রাহিমকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এঘটনায় জসিম উদ্দিন রুবেল (২০) নামের আরেক জন আহত হয়েছেন। তিনি নগরীর চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকার মো. ইদ্রিসের ছেলে।
রুবেল চমেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
পাঁচলাইশ থানার এসআই জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়িটি আটক করা হয়েছে। তবে চালক ঘটনার পরই পালিয়ে গেছে।
