পরিস্থিতিতে উন্নতি দেখছেন সিইসি
বিরোধীদলের বিভিন্ন কর্মসূচির মধ্যে নির্বাচন নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে যৌথবাহিনীর অভিযানের পর তাতে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
মঙ্গলবার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “অবৈধ অস্ত্র ধরার জন্যে আইন শৃঙ্খলাবাহিনীকে বলেছি। অনেক কিছু আটক হচ্ছে, বোমা উদ্ধার হচ্ছে, পরিস্থিতি ইম্প্রোভ হচ্ছে। সিচুয়েশন পর্যায়ক্রমে উন্নতি হবে। সবাই শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নিতে পারবে।”
সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।
এ সময় সাংবাদিকরা তার কাছে বিরোধীদলের অবরোধের মতো কর্মসূচির কথা তুলে ধরে নির্বাচন নিয়ে বিভিন্ন মহলের সংশয়ের বিষয়ে জানতে চান। জবাবে কাজী রকিব বলেন, “কীসের কনফিউশন। নির্বাচন যেখানে হচ্ছে সেখানে তো কনফিউশনের কিছু নেই।”
“যেটা হচ্ছে- খুন খারাবি, এটা অবাঞ্ছিত ঘটনা। এটা নিশ্চয়ই কোনো পলিটিক্যাল পার্টির লোকজন করছে না। এটা দুষ্কৃতকারীরা করছে। দুষ্কৃতকারীরা কোনো পার্টির কেউ নন।”
আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ রয়েছে। এরই মধ্যে বিরোধীদল নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়ে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।
বিরোধী দলের ১ জানুয়ারি থেকে লাগাতার অবরোধে জনগণের কোনো সম্পৃক্ততা থাকবে না বলেও মনে করেন তিনি।
“আপনারাই লিখিছেন- এই লম্বা লম্বা অবরোধে লোকজন ফেডআপ হয়ে যাচ্ছে, মানুষ খুব একটা এটার পক্ষে নয়। আমরা আশা করবো, গুড সেন্স উইল প্রিভেইল।”
আওয়ামী লীগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আচরণবিধি মেনে প্রচারণা চালাতে বে বলে জানান কাজী রকিব।
“প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচি ও নির্বাচনী কর্মসূচি আলাদা। ভোট চাইবেন নির্বাচনী প্রচারণায়। আইন মেনেই করতে হবে।”
