২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌচাকে বোমা, ৪ পুলিশ আহত

বিরোধী দলীয় জোটের টানা অবরোধ শুরুর আগের দিন রাজধানীতে দুর্বৃত্তের ছোড়া হাতবোমায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 08:05 PM

Updated : 23 Aug 2022, 07:34 PM

মঙ্গলবার সন্ধ্যার এই ঘটনায় আহত হয়েছেন অজ্ঞাত পরিচয়ের রিকশাচালক, রিকশার যাত্রী এবং এক নারী পথচারীও।

মৌচাক ফুটওভারব্রিজের নিচে পুলিশকে লক্ষ্য করে এই হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্ফোরণের পর পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আটক করে।  

আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল আমিনুর, কামরুল, ইব্রাহিম ও ট্রাফিক কনস্টেবল শহিদুল ইসলাম। এদের মধ্যে শহিদুলকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

উপকমিশনার মারুফ বলেন, সন্ধ্যা ৬টার দিকে মৌচাক মার্কেট সংলগ্ন ফুটওভারব্রিজের নিচে দায়িত্ব পালনরত পুলিশ দলকে লক্ষ্য করে হাতবোমা দুটি ছোড়া হয়।

“বোমার বিকট শব্দে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে হয়ে আশেপাশের দোকানপাট। পরে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে।”

ঘটনার পর ওই এলাকায় তল্লাসি চালায় পুলিশ। তখন সোহাগ নামে এক ব্যক্তিকে আটক করা হয় বলে জানান মারুফ।