ট্রাইব্যুনালের বিচারক ফজলে কবীর অবসরে
অবসরে গেলেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারক এ টি এম ফজলে কবীর, তার নেতৃত্বাধীন আদালত থেকেই গোলাম আযম, দেলাওয়ার হোসাইন সাঈদী ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায় এসেছিল।
মঙ্গলবার এই বিচারপতির বিদায় অনুষ্ঠানে হাই কোর্ট বিভাগে দায়িত্ব পালনকালে পঞ্চদশ সংশোধনী মামলায় তার দেয়া রায়ের কথাও স্মরণ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
হাই কোর্ট বিভাগের বিচারক ফজলে কবীর ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের দায়িত্ব পান।
পরে ট্রাইব্যুনাল-২ গঠিত হলে তার চেয়ারম্যান করা হয়েছিল তাকে। স্কাইপ কেলেঙ্কারির জের ধরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান নিজামুল হক নাসিম পদত্যাগ করলে এই ট্রাইব্যুনালের নেতৃত্বে আসেন তিনি।
হাই কোর্ট বিভাগের বিচারক হিসেবে বয়সসীমা উত্তীর্ণ হওয়ায় অবসরে গেলেন বিচারপতি ফজলে কবীর। মঙ্গলবার তার শেষ কর্মদিবসে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় তাকে।
দীর্ঘ প্রতীক্ষিত একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ায় শুরু থেকে সম্পৃক্ত থাকা এই বিচারক বিদায় বেলায় এই বিচার চলমান থাকার আশা প্রকাশ করেন।
২০১০ সালে গুরুভার কাঁধে নেয়ার পর নেয়ার পর এক পর্যায়ে হতাশও হয়ে পড়েছিলেন বলে জানান বিচারপতি ফজলে কবীর।
“প্রথম দেড় বছর তেমন কাজ ছিল না। শুধু যাওয়া-আসাই ছিল কাজ। ২০১২ সালের শুরুতে ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয়। আমরা প্রতিদিন আমরা অফিস করেছি।”
“যে দায়িত্ব নিয়েছি, তা শেষ করতে পারব কি না, তা নিয়ে সন্দেহ ছিল। ভেবেছি, যে দায়িত্ব নিয়েছি তা সঠিকভাবে করতে না পারলে লোকে কী বলবে? আজ বলতে পারব, আমি কিছু করতে পেরেছি।”
বিচারপতি ফজলে কবীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এর দেয়া রায়ে জামায়াত নেতা সাঈদী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়। একাত্তরের যুদ্ধাপরাধের হোতা গোলাম আযমকে দেয়া হয় ৯০ বছর কারাদণ্ড।
গুরুত্বপূর্ণ তিনটি রায় দেয়া এই বিচারক বলেন, “আমি এ বিচারকাজের একটি অংশ শেষ করেছি মাত্র। বিচার চলবে, আমার পরে এ দায়িত্বে আরেকজন আসবেন। তিনি পরবর্তী কাজ চালিয়ে যাবেন।”
ট্রাইব্যুনাল-২ এর এজলাস কক্ষে বিচারপতির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ছাড়াও ছিলৈন সুপ্রিম কোর্টের আইনজীবী, ট্রাইব্যুনালের কর্মকর্তা, কর্মচারী এবং সাংবাদিকরা।
ট্রাইব্যুনাল-১ নিজের দুই সহকর্মী বিচারপতি জাহাঙ্গীর হোসেন এবং আনোয়ারুল হককে সঙ্গে নিয়ে বসেন বিচারপতি ফজলে কবীর।
তিনি বলেন, “ন্যায়বিচারের স্বার্থে বিচারকাজ চলার সময় প্রসিকিউশন ও মামলার সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনেক সময় রূঢ়ভাবে কথা বলেছি। আমার আচরণে আপনারা ক্ষুব্ধ হলে আমাকে ক্ষমা করবেন।”
১৯৪৭ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলায় জন্ম নেয়া ফজলে কবীর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ডিগ্রি নিয়ে ১৯৭৩ সালে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।
এরপর ১৯৭৫ সালে মুন্সেফ হিসাবে বিচার বিভাগে যোগ দেন তিনি। এরপর জজ হয়ে ১১ বছর দায়িত্ব পালনের পর ২০০৩ সালে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান তিনি। দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়।
মাহবুবে আলম বলেন, “একজন অস্থায়ী বিচারপতি হিসেবে আপনি (বিচারপতি কবীর) সংবিধানের পঞ্চদশ সংশোধনী মামলার গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। একজন অস্থায়ী বিচারপতি হিসেবে এটি অত্যন্ত সাহস এবং প্রজ্ঞার কাজ। আপনি সেই সাহস এবং প্রজ্ঞা দেখিয়েছেন।”
“ট্রাইব্যুনালের এক প্রতিকূল অবস্থার মধ্যেও আপনি হাল ধরেছিলেন,” বলে তার বিচারিক দক্ষতা, প্রজ্ঞার সুনাম বিদেশেও ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল।
অনুষ্ঠানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতা আব্দুল বাসেদ মজুমদারও উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধনার পর সাংবাদিকদের নিজের চেম্বারে ডেকে কথা বলেন বিচারপতি ফজলে কবীর। ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে সংবাদ মাধ্যমের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
