পালিত হচ্ছে আন্তর্জাতিক লেখক দিবস
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার পালিত হচ্ছে আন্তর্জাতিক লেখক দিবস।
গণতান্ত্রিক সদাচার চাই- প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক মনিরুজ্জামান।
আন্তর্জাতিক লেখক দিবস বাস্তবায়ন পরিষদ সভাপতি মুহম্মদ নূরুল হুদা জানান, প্রতিবছর লেখক দিবসের মূল অনুষ্ঠান দেশের বিভিন্ন জেলা শহরে হয়ে থাকে।
সৃষ্টিশীলতার তৃণমূলীয় বিকাশ ও সর্বস্তরের লেখকদের সামগ্রিক অঙ্গীকারের কথা বিবেচনায় রেখেই দিনটি পালিত হয়।
এবার কোনো কোনো উপজেলায়ও লেখক দিবস পালিত হবে বলে তিনি জানান।
শান্তি, প্রগতি, সৃষ্টিশীলতা ও অব্যাহত মানব-কল্যাণের বাণী নিয়ে ২০০২ সাল থেকে দিবসটি উদযাপিত হয়ে আসছে। লেখক দিবসের চিরায়ত ঘোষণা- শান্তির পৃথিবী চাই।
সোমবার বাংলাদেশ রাইটার্স ক্লাব পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দিবসটি পালনোপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছে- জাতীয় কবি কাজী নজরুলের মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদনের পর আলোচনা, কবিতা পাঠ ও শান্তি প্রার্থনা।
