বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
খুলনার দিঘলিয়া উপজেলায় পুলিশ পরিচয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার গভীর রাতে বারাকপুরের মধ্যপাড়ায় এ ঘটনায় নিহত মো. কেসমত (৫১) এলাকায় কাপড়ের ব্যবসা করতেন বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় চৌকিদার মকবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে সাদা পোশাক পড়া একদল লোক পুলিশ পরিচয় দিয়ে কেসমতের বাড়িতে যায়।
প্রথমে তিনি দরজা খুলতে রাজি না হলেও পরে মকবুলের কণ্ঠ শুনে তিনি বের হন। পরে কেসমতকে বাড়ির কাছে অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দিঘলিয়া থানার ওসি রবিউল হোসেন ওসি বলেন, “কীভাবে কারা হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ পরিচয়ে ডেকে তাকে হত্যা করা হয়েছে কি না তদন্ত সাপেক্ষে তা বেরিয়ে আসবে।”
সম্ভবত তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে, বলেন ওসি।
