তিন জেলায় ৫ খুন
সিরাজগঞ্জে এক আওয়ামী লীগ নেতা এবং সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানসহ সোমবার তিন জেলায় পাঁচ জন খুন হয়েছেন।
এরমধ্যে রয়েছে জয়পুরহাটের পাঁচবিবিতে তিনজন এবং সিরাজগঞ্জ ও সাতক্ষীরায় একজন করে।
জয়পুরহাটে তিন যুবককে জবাই
জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম জানান, দুপুরে পাঁচবিবি উপজেলার সরাইল-ধাওয়া এলাকায় একটি মাঠে তিন যুবকের জবাই করা লাশ পাওয়া যায়।
এরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের রমজানের ছেলে মো. বিপুল (৩০), একই এলাকার ডাক্তার আব্দুল বাকির ছেলে সৈকত(৩০) এবং বগুড়া সদরের ফুলবাড়ি উত্তরপাড়ার শফিকুল ইসলামের ছেলে আসাদুজ্জামান রাসেল (২৫)।
কারা এবং কী কারণে তাদের খুন করেছে তা জানা যায়নি বলে তিনি জানান।
আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান গুলিতে নিহত
সাতক্ষীরা সদরের সহিংসতাকবলিত আগরদাঁড়ি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলির মধ্যে নিহত হয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম (৪৫)।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গিয়েছিল বলে নিহতের পরিবারের দাবি করলেও পুলিশ বলছে গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলার শিকড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি এনামুল হক সাংবাদিকদের জানান, সকালে যৌথবাহিনীর সদস্যরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নে অভিযানে যায়। সেখান থেকে ফেরার পথে দুপুরে শিকড়ি এলাকায় স্থানীয় বিএনপি জামায়াত-কর্মীরা তাদের ওপর হামলা করে।
এসময় তারা ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করলে যৌথবাহিনীর সদস্যরা গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হন আনারুল ইসলাম।
পরে পুলিশ তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. পরিমল বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, আনারুলের নামে সদর থানায় সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধের ছয়টি মামলা আছে।
এ ব্যাপারে আনারুলের ছোটভাই জিয়াউল ইসলাম সাংবাদিকদের জানান, সকালে একটি মাইক্রোবাসে করে সাদাপোশাকধারী পাঁচজন লোক তাদের বাড়িতে আসেন। এ সময় তারা চেয়ারম্যানের সাথে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত বাড়ির কিছু ছবি তোলেন।
এরপর তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় তারা, বলেন তিনি।
আনারুল সদর উপজেলার কাশেমপুর গ্রামের আব্দুর রহমান সানার ছেলে।
সিরাজগঞ্জে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে
সোমবার বিকালে বাঐতারা গ্রামে আওয়ামী লীগের সদর উপজেলা কমিটির ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলামেকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ঐ গ্রামের আব্দুল গফুরের ছেলে।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি-জামায়াতের লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে।
লাশের সূরুতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। হত্যাকান্ডের সাথে কারা কারা জড়িত তা নিশ্চিত করার চেষ্টা চলছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় সয়দাবাদ ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মোমিন জানান, সিরাজগঞ্জের আলোচিত শ্রমিক নেতা নাসির উদ্দিন ও তার শ্যালক টিক্কা খুনের আসামি যমুনার নৌ-দুস্যু হিসেবে পরিচিত জবান আলী বিকাল ৫টার দিকে সাইফুল ইসলামকে বাড়ি থেকে ডেকে পাঠায়।
এরপর সাইফুল ইসলাম ছাতিয়ানতলী পুরাতন বাজার এলাকায় পৌঁছলে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত সাইফুলের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
