২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে অপহৃত স্কুলছাত্রের লাশ উদ্ধার

চার দিন আগে রাজধানীর লালবাগ থেকে অপহৃত এক স্কুলছাত্রের লাশ কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 07:44 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

অপহরণে জড়িত থাকার সন্দেহে নিহতের এক চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত শাকিল হোসেন (১১) পুরান ঢাকার নলগোলার একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। লালবাগের হরমোহন শাহা রোডের প্লাস্টিক ব্যবসায়ী বাবা মোবারক হোসেন তার বাবা।

সোমবার সকাল ১১টার দিকে কেরানীগঞ্জ মডেল টাউনের একটি পুকুর থেকে শাকিলের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কেরানীগঞ্জে মডেল থানার এসআই আমিনুল ইসলাম।

এসআই আমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাকিলের শরীরে আঘাতের আছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, “২৬ ডিসেম্বর স্কুল থেকে হরমোহন শাহা রোডের বাসায় ফেরার পথে শাকিলকে অপহরণ করা হয়। পরে মোবারকের মোবাইল ফোনে অপহরণকারীরা সাড়ে তিন লাখ টাকা দাবি করে।”

মুক্তিপণের টাকা না দেওয়ায় শাকিলকে হত্যা করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তার ধারণা।

এদিকে সন্ধ্যায় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিনজিরা নামাবাড়ি এলাকা থেকে শাকিলের চাচা সালামত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাহজালাল জানান, এঘটনায় নিহতের বাবা ২৮ ডিসেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।