জাতীয় প্রেসক্লাবে জাতীয় পতাকা ওড়ানোর দাবি
প্রেসক্লাবে জাতীয় পতাকা ওড়াতে দুই দিন সময় বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী।
সাংবাদিক নেতাদের ওপর হামলার প্রতিবাদ এবং জাতীয় প্রেসক্লাব চত্ত্বর অসাংবাদিক ও সন্ত্রাসীদের দখলমুক্ত করার দাবিতে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এই দাবি জানান।
তিনি বলেন, “আমাদের সার্বোভৌমত্ব ও স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকা প্রেসক্লাবে ওড়ে না। এটা জাতীয় পতাকার অবমাননা ছাড়া আর কিছুই নয়।
“আগামীকালের মধ্যে যদি প্রেসক্লাবের পতাকার পাশাপাশি জাতীয় পতাকা না ওড়ে, আমরা সবাই মিলে সমবেত হয়ে পরদিন জাতীয় পতাকা ওড়াব।”
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক্ ইউনিয়নের একাংশের আয়োজিত সমাবেশে ইকবাল সোবহান চৌধুরী বলেন, “প্রেসক্লাব পেশাজীবী সাংবাদিকদের অরাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠান। কিন্তু কিছুদিন ধরে দেখছি একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে প্রেসক্লাবকে প্রতিষ্ঠিত করা হয়েছে।
“যারা বিএনপি-জামাত সমর্থন করে বা নেতা, তারা প্রেসক্লাবে এসে যখন তখন আলোচনা করছে, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে।”
দুই সপ্তাহের মধ্যে যোগ্য সাংবাদিকদের প্রেসক্লাবের সদস্য করা না হলে তালিকা তৈরি তাদের সদস্যপদ দেয়া হবে বলে জানান প্রেসক্লাবের এই সদস্য।
‘গোপালগঞ্জ থাকবে না’ বলে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের নিন্দা জানিয়ে ইকবাল সোবহান বলেন, “গোপালগঞ্জের টুঙ্গিপাড়া না থাকলে বঙ্গবন্ধুর জন্ম হতো না। আর বঙ্গবন্ধূর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। আপনিও (খালেদা) কথনো প্রধানমন্ত্রী হতে পারতেন না।”
সমাবেশে ডিইউজের একাংশের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, সাংবাদিক নেতা শাজাহান মিয়া, শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাইরে সরকার সমর্থক সাংবাদিকদের সমাবেশের সময় প্রেসক্লাবের ভেতরে বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি সমর্থক ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক্ ইউনিয়নের একাংশের নেতারা।
এই সমাবেশে উপস্থিত ছিলেন বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, ডিইউজের সভাপতি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
