গাজীপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে লালটেকী এলাকায় মাছ ব্যবসায়ী মোবারক হোসেনের (৩৩) লাশ পাওয়া যায়। মোবারক ওই এলাকার হযরত আলীর ছেলে।
পরিবারের বরাত দিয়ে কালিয়াকৈর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সফিকুল আলম জানান, রোববার দুপুরে বাড়ি থেকে বের হয়ে মোবারক নিখোঁজ হন। ভোরে লালটেকী এলাকার একটি আম গাছে তার ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী।
খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের স্ত্রী লাইলী বেগম বলেন, জমির সীমানা প্রাচীর নিয়ে মোবারক হোসেন ও মো. আজহারদের সঙ্গে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জেরেই মোবারককে হত্যার পর গাছে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
