২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাড়িতে আরো পুলিশ

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আগের দিনের মতোই বিকালে পুলিশের ঘেরাও ডিঙিয়ে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করবেন বলে জানা গেছে।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 01:43 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

এদিকে সোমবার দুপুরে গুলশানে বিরোধী দলীয় নেতার বাসার সামনে পুলিশের পাহারা আরো বাড়ানো হয়েছে। এদিন যোগ দিয়েছেন র‌্যাব সদস্যরাও।

গুলশানের ৭৯ নম্বর সড়কে ‘ফিরোজা’ নামের ওই বাড়ির উল্টো দিকের রাস্তায় রাখা হয়েছে জল কামান। আর গলির মুখে বসেছে পুলিশের ব্যারিকেড।

গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আট প্লাটুন পুলিশ শনিবার রাত থেকে বিরোধী দলীয় নেতার বাড়ির ‘নিরাপত্তায় নিয়োজিত’ আছেন।

সোমবার দুপুরে আরো একটি বাসে করে বাড়তি পুলিশ নিয়ে আসা হয়েছে। বাড়ির সামনে তিন সারিতে অবস্থান নিয়ে আছেন তারা।

আগের দিনের মতোই বাড়ির সামনে দুটো ও রাস্তায় গলির মুখে তিনটি বালিবোঝাই ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে রাস্তা আগলে।

গুলশানের ওসি রফিকুল ইসলাম রোববার বলছিলেন, নষ্ট হয়ে যাওয়ায় ট্রাকগুলো ওভাবে দাঁড়িয়ে আছে। সোমবার তিনি বলেন, ট্রাকগুলোর ইঞ্জিন এখনও নষ্ট।

অবশ্য একটি ট্রাকের ভেতরে বসে থাকা চালক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ‘রিকুইজিশনে’ তারা এসেছেন। পুলিশ ছেড়ে দিলেই চলে যাবেন।

খালেদা জিয়ার প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর ১২টার পর যেকোন সময় ম্যাডাম বের হবেন।”

তবে দলের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি চেয়ারপার্সন সকালেই ঘুম থেকে উঠেছেন। পত্রিকা পড়ে পরিস্থিতি জেনেছেন। এরপর দলের কয়েকজন নেতার সঙ্গে টেলিফোনে কথা বলে নয়া পল্টনের পরিস্থিতি সম্পর্কেও খোঁজ-খবর নিয়েছেন।

রোববারের মতোই তিনি বিকালে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার এবং নয়া পল্টনে যাওয়ার চেষ্টা করবেন বলে একাধিক শীর্ষ নেতা ইংগিত দেন।

রোববারও নিজের বাড়ির ফটকে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করে বের হতে না পেরে ক্ষুব্ধ কণ্ঠে কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়ে বাসায় ফিরে যান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের কর্মসূচি অব্যাহত থাকবে।… আজ না হয় কাল, কাল না হয় পরশু কর্মসূচি চলবে।”

ফটক আগলে থাকা পুলিশের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বলেন, “প্রতিদিন আপনারা এসে বসে থাকবেন গেইটের সামনে। আমিও আসব। চলুক, কত দিন চলে।”

এদিকে রোববার ওই বাড়ির পূর্ব পাশে রাখা ট্রাকের ওপর থেকে গণমাধ্যমকর্মীরা পরিস্থিতি সম্পর্কে খবর দিতে পারলেও সোমবার দুপুরে তাদের সরিয়ে দিয়েছে পুলিশ।

গুলশান পুলিশের ডিসি লুৎফুল কবির  সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার বাড়ির উল্টো দিকে থেকেই সংবাদকর্মীদের দায়িত্ব পালন করতে হবে।

আগের দিনের মতো সুযোগ দেয়া হলে সমস্যা কি- এমন প্রশ্নে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব সময় সব সমস্যার কথা কি সবার সাথে শেয়ার করা যায়?”

কর্মসূচি চলবে: খালেদা