কমলাপুরে বোমায় রেলের নিরাপত্তাকর্মী নিহত
রাজধানীর কমলাপুর রেল স্টেশনে তল্লাশির সময় বোমা বিস্ফোরণে রেলের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
বিকাল সাড়ে ৩টার দিকে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মের ভেতরের এই বিস্ফোরণের ঘটনায় বোমা বহনকারী দুই ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন রেল পুলিশের কমলাপুর থানার ওসি আব্দুল মজিদ।
নিহত আবুল কাশেম (২৬) রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সেপাই। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানি গ্রামে। কাশেমের দুটি সন্তান রয়েছে।
ওসি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে স্টেশনের ভেতরে তল্লাশি চালানোর সময় বিকট শব্দে বোমা বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই মারা যান কাশেম।
ঘটনার সময় কাছাকাছি দায়িত্বরত আরেক সেপাই মণিশঙ্কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিউটি শেষে স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম ধরে বাসায় ফেরার সময় প্রায় ২০০ গজ ভেতরে দুজন লোককে একটি ব্যাগসহ আসতে দেখে কাশেমের সন্দেহ হয়।
“ওই দুজনের গতিরোধ করতে চেষ্টা করে ব্যাগে কী আছে তা দেখতে চান তিনি। তারা ব্যাগটি তার দিকে ছুড়ে মারলে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে পুরো মুখমণ্ডলসহ কাশেমের শরীর দগ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় দুই বোমা বহনকারী।”
ওসি মজিদ জানান, আহত বোমবাহীরা হল আলম (২০)ও আমিনুল (২০)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরেকজনকে জিআরপি হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় পাঠানো হয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে রেলমন্ত্রী মজিবুল হক তাৎক্ষণিকভাবে নিহত সেপাইয়ের পরিবারকে এক লাখ টাকা সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এছাড়া দুই বোমাবাজকে আটক করা চার সেপাইকেও পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি।
ওসি জানান, এই ঘটনায় আটক দুজনকে আসামি করে জিআরপি কমলাপুর থানায় ৩০২ ধারায় একটি হত্যা মামলা করা হয়েছে।
আসামিদের জিজ্ঞাসাবাদ করে এর সঙ্গে জড়িত আর কেউ থাকলে তাদেরও আসামি করা হবে বলে জানান তিনি।
