আদালত প্রাঙ্গণে হামলা, সংঘাত
সরকার সমর্থকদের হামলার পর সুপ্রিম কোর্ট এলাকায় বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীদের সঙ্গে তাদের কয়েক ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘাতে রোববার উত্তপ্ত ছিল অবকাশকালীন আদালত অঙ্গন।
প্রেসক্লাবের ভিতরেও সংঘর্ষ
ঢাবি শিক্ষকদের ওপর হামলার অভিযোগ
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা অঘটনের পর বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা আদালত পাড়া ছাড়ার পর সন্ধ্যা নামতে নামতে শান্ত হয়ে আসে ওই এলাকা।
বিকাল থেকেই বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবী ও অন্যরা আইনজীবী সমিতি ভবনের উত্তরের গেট ও ক্যান্টিনের ভিতর দিয়ে বের হয়ে সুপ্রিম কোর্ট ছাড়তে শুরু করে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক বিমান বাহিনী প্রধান আলতাফ হোসেন চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক সন্ধ্যার আগেই সুপ্রিম কোর্ট এলাকা ছাড়েন।
সন্ধ্যার পরও কিছু সংখ্যক আইনজীবীকে সুপ্রিম কোর্ট এলাকায় দেখা গেছে।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ‘ঢাকাযাত্রার’ সমাবেশে যেতে সকালেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জড়ো হতে থাকেন বিরোধী দল সমর্থক আইনজীবীরা। অন্যদিকে ফটকের সামনে বিপুল সংখ্যক পুলিশও অবস্থান নেয়।
বিরোধী দল সমর্থক আইনজীবীদের তিনজনকে সকাল ৮টার পর সুপ্রিম কোর্টের সামনে থেকে পুলিশ আটক করলে উত্তাপ ছড়ায়, যা চলে সন্ধ্যা পর্যন্ত।
সকাল ১১টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন থেকে আইনজীবীরা মিছিল শুরু করেন। মিছিলটি সুপ্রিম কোর্টের প্রধান ফটক দিয়ে বের হওয়ার চেষ্টা করে।
প্রায় তিন শতাধিক লোকের এই মিছিলে আইনজীবীদের বাইরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও সাবেক মন্ত্রী ওসমান ফারুকও ছিলেন।
আইনজীবীদের মধ্যে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী, সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর, নিতাই রায় চৌধুরী প্রমুখ মিছিলে ছিলেন।
এছাড়া ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে একদল যুবককেও আইনজীবীদের ওই মিছিলে দেখা যায়।
মূল ফটকে পৌঁছে শাহজাহান ওমর পুলিশকে বলেন, “আমরা সর্বোচ্চ আদালতের আইনজীবী। আমরা কোনো ধরনের সংঘাত সংঘর্ষে নাই।”
তখন পুলিশের এক কর্মকর্তা বলেন, “আপনারা কোনো সমস্যা না করলে আমরাও বাধা দেব না।”
এক পর্যায়ে বিএনপির জুনিয়র আইনজীবীরা বড় ওই ফটকের ওপরে উঠে ঝাঁকি দিতে থাকলে ফটকের বাইরে থাকা পুলিশ জলকামান দিয়ে পানি নিক্ষেপ শুরু করে।
দফায় দফায় পানি নিক্ষেপের পর সাড়ে ১১টার পর আরো একটি জলকামান নিয়ে আসা হয়। ওই সময় একটি দাঙ্গা-দমনকারী গাড়ি (এপিসি)ও নিয়ে আসা হয়।
পৌনে ১২টার দিকে দুটি জল কামান দিয়ে একত্রে সাদা ও লাল পানি দেয়া শুরু হয়। ১২টা পর্যন্ত দুটি সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়।
১২টার পর বাইরে সড়ক দিয়ে যাওয়া একটি মিছিলের সঙ্গে আইনজীবীদের ইটের টুকরা ছোড়াছুড়ি হয়।
দফায় দফায় জলকামান দিয়ে পানি দেয়ার সময় বিএনপির অধিকাংশ আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দিকে এসে জড়ো হয়। পরে সেখানে দক্ষিণ হলে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই সমাবেশ শেষে আইনজীবীরা আবার সুপ্রিম কোর্টের ফটকে থাকা আইনজীবীদের সঙ্গে এসে যোগ দেয়। তারা ফটক অতিক্রম করে বাইরে যেতে চাইলে আড়াইটার পর আবার জল কামান ব্যবহার করে পুলিশ।
৩টার দিকে ফটকের বাইরে মূল রাস্তায় সরকার সমর্থকদের একটি মিছিল যাওয়ার সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ইটের টুকরা ছোড়াছুড়ি শুরু হয়।
পরে সরকার সমর্থকরা শক্তি সঞ্চয় করে ফটক খুলে এক যোগে সুপ্রিম কোর্টে ঢুকে পড়ে।
এসময় তাদের হাতে ‘মুক্তিযোদ্ধা ফ্রন্ট’ লেখা একটি ব্যানার থাকলেও তারা ঠিক কোন সংগঠনের, তা নিশ্চিত হওয়া যায়নি।
লাঠিসোঁটা হাতে সরকার সমর্থকরা আইনজীবীদের ধাওয়া করে। সিমকি ইসলাম, রেহানা পারভীন ও আইয়ুব নামে বিএনপি সমর্থক আইনজীবী আহত হন। এর মধ্যে সিমকি ইসলামকে সাংবাদিকরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়।
হামলার মুখে বিএনপিপন্থী আইনজীবীরা আইনজীবী সমিতি ভবনের বিভিন্ন তলায় অবস্থান নেন। অন্যদিকে সামনের সড়কে অবস্থান নিয়ে তাদের লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে সরকার সমর্থকরা। বিরোধী দল সমর্থকরাও পাল্টা, সফট ড্রিংসের কাচের বোতল, টবের ভাঙা অংশ নিক্ষেপ করে।
এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। তবে কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।
এ সময় মুজিবুল হক নামে এক সরকার সমর্থক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা রাস্তা দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় আইনের আশ্রয় নিয়ে এরা আমাদের ওপর হামলা করেছে।
“এখানে আইনজীবীদের আড়ালে শিবির ও ছাত্রদল ক্যাডাররা রয়েছে। আমরা বিচার অঙ্গনের কাছে এই সন্ত্রাসী ও তাদের আশ্রয় দাতাদের বিচার চাই।”
বিএনপি সমর্থক আইনজীবী আবেদ রাজা বলেন, “আইনজীবীদের ওপর পুলিশের প্রহরায় সরকার দলীয় সশস্র ক্যাডাররা হামলা চালিয়েছে। পৃথিবীতে অনেক স্বৈরাচার আছে। কিন্তু উচ্চ আদালতে হামলার মতো নগ্নতা খুব কমই দেখা গেছে।”
পরে বিকাল ৪টার দিকে হাই কোর্ট চত্বরে পুলিশ ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে মোটর সাইকেলের আগুন নেভায়।
এরপর থেকেই বিএনপি সমর্থক আইনজীবীরা হাই কোর্ট ছাড়তে শুরু করেন।
সন্ধ্যার পর সুপ্রিম কোর্ট এলাকা ছাড়ার সময় বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, “পুলিশের সহযোগিতায় নেতাকর্মীরা যে হামলা চালিয়েছে, তা গণতন্ত্রের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। দেশের একমাত্র আশ্রয়স্থল বিচার অঙ্গনে আইনজীবীদের শান্তিপূর্ণ সমাবেশে এই হামলা চালানো হয়।
“এটা দেশের জন্য শুভ হবে না। আওয়ামী লীগের জন্যও শুভ হবে না। জেল জুলুম দমনীতি চালিয়ে আন্দোলন দমন করা যাবে না।”
একই সময়ে সুপ্রিম কোর্ট ছাড়ার সময় আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক এবিএম রফিকুল হক তালুকদার রাজা বলেন, “বিচার অঙ্গনে বহিরাগতরা যে হামলা চালিয়েছে, এ ঘটনায় দোষীদের বিচারের ব্যবস্থা করতে প্রধান বিচারপতি বরাবর আবেদন করা হবে।”
