খোকনের মুক্তি চায় আইনজীবী সমিতি
সংগঠনের সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের মুক্তি দাবি করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
শনিবার সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী বলেন, পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে ঢাকা মহানগর পুলিশ মাহবুব উদ্দিন খোকনকে গ্রেপ্তার করেছে।
ফাইল ছবি
“আমরা মনে করি, সম্পূর্ণ রাজনৈতিক কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।”
চলমান সরকারবিরোধী বানচাল করতে খোকনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোহাম্মদ আলী।
তিনি বলেন, “এই অবস্থায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এই গ্রেপ্তারকে স্বাভাবিকভাবে নিতে পারছে না। তাই সমিতি এই গ্রেপ্তারের নিন্দার পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে মুক্তির দাবি জানাচ্ছে।”
বৃহস্পতিবার বিকালে সুপ্রিম কোর্ট সংলগ্ন মৎস্য ভবনের কাছ থেকে খোকনকে আটক করে পুলিশ। এরপর তাকে বাংলামোটরে বাসে আগুন দিয়ে পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পরদিন খোকনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। অন্যদিকে এই বিএনপি নেতার আইনজীবীরা তার জামিনের আবেদন করেন।
আদালত জামিন ও রিমান্ড আবেদন নাকচ করে খোকনকে কারাগারে পাঠায়।
তবে প্রয়োজনে পাঁচ কার্যদিবসের মধ্যে তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে অনুমতি দেয় আদালত।
১৮ দলের পঞ্চম দফা অবরোধ কর্মসূচি শেষ হওয়ার পর মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপার্সন ‘ঢাকা অভিযাত্রা’ কর্মসূচি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে রাজধানীর বাংলামোটরে পুলিশবাহী একটি বাসে আগুন দেয়া হয়।
এতে মো. ফেরদৌস খলিল (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন। দগ্ধ হন ওই বাসের চালক মো. বায়েজিদ (২৫) ও কনস্টেবল ফায়জুল ইসলাম (৪১)।
পরদিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ১৮ নেতার নাম উল্লেখ করে রমনা থানায় একটি মামলা করে পুলিশ। এই মামলায়ই খোকনকে গ্রেপ্তার দেখানো হয়।
