ঢাকায় আসার পথ প্রায় বন্ধ, এলেও দুর্ভোগ
বিরোধী দলের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকামুখী সব বাস-লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে, ট্রেনেও চলছে তল্লাশি। সড়কে বাস না থাকায় দুর্ভোগ পোহাচ্ছে রাজধানীবাসীও।
অনেক কষ্টে ঢাকায় আসার পর বাস না পেয়ে রিকশা ভ্যানই ভরসা। শনিবার সকালে গাবতলী এলাকার চিত্র। অনেক কষ্টে ঢাকায় আসার পর বাস না পেয়ে রিকশা ভ্যানই ভরসা। শনিবার সকালে গাবতলী এলাকার চিত্র।
গাবতলী বাস টার্মিনাল থেকে চলছে না বাস। গাবতলী বাস টার্মিনাল থেকে চলছে না বাস।
কিশোরগঞ্জ বাস টার্মিনাল থেকে ছাড়ছে না কোনো বাস। কিশোরগঞ্জ বাস টার্মিনাল থেকে ছাড়ছে না কোনো বাস।
চাঁদপুর থেকে ছাড়ছে না কোনো লঞ্চ। চাঁদপুর থেকে ছাড়ছে না কোনো লঞ্চ।
ঢাকামুখী বাস-ট্রেন থেকে আটক শতাধিক
রাজধানীতেও বাসের অভাব
সদরঘাটে এলো ১০ লঞ্চ, যাত্রীও হাতেগোনা
ঢাকামুখী যান বন্ধ
রোববার ‘ঢাকামুখী অভিযাত্রা’ কর্মসূচিতে নাশকতার আশঙ্কা প্রকাশ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এই কারণে বাস-লঞ্চ বন্ধ রাখা হয়েছে বলে মালিকরা জানিয়েছেন।
তবে বিএনপির অভিযোগ, বিরোধী দলের কর্মসূচি বানচাল করতে বাস-লঞ্চ বন্ধ করে সরকারই ঢাকাকে বিচ্ছিন্ন করে ফেলেছে।
এর মধ্যে যারা বিভিন্নভাবে ঢাকায় পৌঁছতে পেরেছেন, তাদের জন্য নতুন দুর্ভোগ হয়ে দেখা দিয়েছে অভ্যন্তরীণ রুটে বাসের অভাব। সেই সঙ্গে পুলিশের ‘নির্দেশের’ কারণে আবাসিক হোটেলগুলোতেও উঠতে পারছেন না তারা।
৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার আহ্বান জানিয়ে সবাইকে ২৯ ডিসেম্বর ঢাকায় অবস্থান নেয়ার আহ্বান জানান খালেদা জিয়া। সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
অন্যদিকে নির্বাচনে কোনো ধরনের বাধা এলে তা প্রতিরোধ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দলের কর্মসূচির দিন ঢাকায় রাজপথে অবস্থান নেয়ার ঘোষণাও দিয়েছে আওয়ামী লীগ।
দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের ভাষায়, শ্বাসরুদ্ধকর এক অবস্থা বিরাজ করছে।
এই উদ্বেগের মধ্যে শনিবার সকালে বেরিয়ে বাস না পেয়ে দুর্ভোগে পড়ে রাজধানীবাসী। হরতাল-অবরোধে চললেও বিআরটিসির বাসও এদিন চলতে দেখা যাচ্ছে না।
মোহাম্মদপুরের বাসিন্দা মাহমুদুর রহমান সকালে মিরপুর যাওয়ার জন্য বেরিয়ে কোনো বাস না পেয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি দুঃখ করে বলেন, “যে রাজনীতি জনগণের কল্যাণে নয়, সেটা কি রাজনীতি?”
সকালে শাহবাগ, বাংলামোটর, মগবাজার, মোহাম্মদপুর, আসাদগেট, মহাখালীসহ বিভিন্ন এলাকায় অফিসগামী মানুষকে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
দীর্ঘক্ষণ অপেক্ষার পর বাস না পেয়ে অনেকে রিকশায় বা হেঁটে গন্তব্যের দিকে যাত্রা করেন। বাস না থাকায় রাজধানীর প্রধান সড়কগুলোতেও রিকশা ও ভ্যানও চলতে দেখা যায়।
বাস বন্ধ কেন- জানতে চাইলে মিরপুর-মতিঝিল রুটের বিকল্প পরিবহনের ব্যবস্থাপক মো. রুবেল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিরাপত্তার কারণে রাজধানীতে শনি ও রোববার কোনো গাড়ি চলবে না।”
গাবতলী বাস টার্মিনাল থেকে চলছে না বাস।
দূরপাল্লার বাসের তিন টার্মিনাল সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী থেকে কোনো বাস ছাড়তে দেখা যায়নি। বিভিন্ন জেলা থেকে কোনো বাস আসেওনি।
যে কয়টি এসেছে, সেগুলোও ঢাকায় ঢোকার আগেই যাত্রীদের নামিয়ে দেয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কয়েকজন।
সকাল সোয়া ১০টার দিকে মহাখালী টার্মিনাল গিয়ে অধিকাংশ বাস কাউন্টার বন্ধ পাওয়া যায়। যেসব কাউন্টার খোলা ছিল, সেখানেও কোনো টিকিট বিক্রি হচ্ছিল না।
টার্মিনাল এলাকার একটি সেলুনের মালিক মো. সেলিম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে মহাখালী থেকে কয়েকটি লোকাল বাস ছেড়েছে, তবে দূর পাল্লার কোনো গাড়ি ছাড়েনি।
বাসের অপেক্ষায় থাকা ইমরান আলী বলেন, “জরুরি একটা কাজে ময়মনসিংহ যাব। তবে ভরসা করে সেখানে যেতে পারি, এমন কোনো গাড়ি পাচ্ছি না।”
সম্পদের নিরাপত্তার স্বার্থে যান চলাচল বন্ধ রেখেছেন বলে জানিয়েছেন মহাখালী বাস মালিক সমিতির দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতাল অবরোধে গাড়িতে আগুন দেয়া হয়, যাত্রীদের আগুনে পুড়ে জীবন দিতে হয়, পরিবহন মালিকদের বিরাট ক্ষতির মুখোমুখি হতে হয়।”
“মহাসড়কে আমরা নিরাপদ না থাকলে পরিবহন বের করব না,” বলেন তিনি।
গাবতলী এলাকার দিগন্ত পরিবহনের কর্মকর্তা মিলন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে গাবতলী টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি।
দিগন্ত পরিবহনের গাড়ি বাগেরহাট, পিরোজপুর, নড়াইল, খুলনা, গোপালগঞ্জ যায় জানিয়ে তিনি বলেন, “বাস আর যাত্রীরা নিরাপদ না থাকলে তো পরিবহন চলবে না।”
গাবতলীতে অপেক্ষমান আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে দাঁড়িয়ে থেকে মানিকগঞ্জ যাওয়ার কোনো বাসও তিনি পাননি।
সায়েদাবাদের চিত্রও গাবতলীয় ও মহাখালীর মতোই। কোনো বাসই সেখানে চলছে না। নোয়াখালী রুটের একুশে পরিবহনের মামুন নামে এক পরিবহনকর্মী বলেন, কোনো গাড়িই চলছে না।
ঢাকা-বান্দুরা রুটের বাসের এক কর্মকর্তা বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছেন, নিরাপত্তার কারণে ২৮ ও ২৯ ডিসেম্বর গাড়ি বন্ধ রাখতে।”
তবে বাস বন্ধ রাখার নির্দেশ দেয়ার কথা পুলিশের পক্ষ থেকে স্বীকার করা হয়নি।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশ অধিক সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।”
বিভিন্ন জেলা থেকেও বাস ঢাকার পথে ছাড়ছে না বলে খবর পাওয়া গেছে। চাঁদপুর-ঢাকা রুটের ‘পদ্মা এক্সপ্রেস’ বাসের চালক আব্দুল বাতেন বলেন, মালিকরা বাস বন্ধ রাখতে বলেছেন।
কিশোরগঞ্জ বাস টার্মিনাল থেকে ছাড়ছে না কোনো বাস।
কিশোরগঞ্জের এক বাস মালিক বলেছেন, বাস না চালাতে মৌখিক নির্দেশ দিয়েছে পুলিশ।
দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় কলকাতা থেকে আসা যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
বিএনপি সমর্থিত শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আ. আজিম অভিযোগ করেন, “পুলিশ মুক্তারপুর সেতুর মুখে চেক পোস্ট বসিয়ে বাস চলাচলের বাধার সৃষ্টি নানাভাবে রাজধানীর সাথে সড়ক ও জলপথের যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে।”
উত্তরাঞ্চলের প্রবেশপথ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কয়েকটি স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোল চত্বর চেকপোস্টে কর্তব্যরত উপ-পরিদর্শক আব্দুল মোতালেব বলেন, “যাত্রীবেশে নাশকতার উদ্দেশে কেউ আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক জাতীয় বস্তু বহন করছে কি না, তা দেখা হচ্ছে।”
এর মধ্যে বাগেরহাট ও কক্সবাজারে শ্রমিকরা আকস্মিক ধর্মঘট ডেকে বাস চলাচল বন্ধ রেখেছেন। তবে বিএনপি নেতাদের অভিযোগ, বাস চলাচল বন্ধ করতে সরকারের মদদে এই ধর্মঘট ডাকা হয়েছে।
বাসের মতো বাইরে থেকে লঞ্চও তেমন আসেনি ঢাকার সদরঘাটে। অন্যদিন সকালে ঢাকার প্রধান নৌবন্দরে অর্ধশত লঞ্চ দক্ষিণের জেলাগুলো থেকে এলেও শনিবার ভিড়েছে ১০টি।
সদরঘাটে বিআইডাব্লিউটিএ’র ট্রাফিক পরিদর্শক সৈয়দ মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্য দিনের মতো লঞ্চ আসছে না।
কারণ জানতে চাইলে তিনি বলেন, “আমরা বিষয়টি জানি না। হয়ত নাশকতার আশঙ্কায় লঞ্চ বন্ধ রাখা হয়েছে।”
এমভি টিপু লঞ্চের ব্যবস্থাপক মো. ফারুক হোসেন অভিযোগ করেন, পুলিশের তল্লাশির কারণে যাত্রী সংখ্যা কম। তাই লঞ্চ চলছে না।
চাঁদপুর থেকে ছাড়ছে না কোনো লঞ্চ।
সড়ক ও নৌপথে যান চলাচল প্রায় বন্ধ থাকলেও ট্রেন চলাচল স্বাভাবিক বলে দাবি করেছেন কমলাপুর রেলওয়ে থানার ওসি মো. আব্দুল মজিদ।
তবে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর ট্রেন শনিবার সকালে ছাড়ার কথা থাকলেও তা ছাড়েনি। কিশোরগঞ্জের স্টেশন মাস্টার জয়ন্ত মজুমদার বলেছেন, হেড অফিসের নির্দেশেই ট্রেনের যাত্রা বাতিল হয়েছে।
পাবনার ঈশ্বরদী রেল স্টেশন থেকেও ঢাকার দিকে সকাল থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। ঈশ্বরদীর পাকশী রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী এ এফ এম মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “কুয়াশার কারণে শিডিউল ঠিক রাখা যাচ্ছে না।”
এছাড়া বিভ্ন্নি স্থানে ট্রেনে তল্লাশির খবর পাওয়া গেছে। উত্তরাঞ্চল থেকে আসা বিভিন্ন ট্রেনে রাতভর টাঙ্গাইলে তল্লাশি চালিয়ে শতাধিক জনকে আটক করে পুলিশ।
বাস-ট্রেন চলাচল বন্ধে ক্ষোভ জানিয়ে পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৮ দলের কর্মসূচিতে নেতাকর্মীদের যোগদানে বাধা দেয়ার উদ্দেশ্যেই যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।”
