২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মহাসড়কে চেকপোস্ট, টহল

নাশকতার আশঙ্কায় সিরাজগঞ্জে মহাসড়কে পুলিশের চেকপোস্ট বসিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী যাত্রীবাহী যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 10:10 PM

Updated : 23 Aug 2022, 07:33 PM

বৃহস্পতিবার শুরু হওয়া এ তল্লাশির পাশাপাশি সেনাবাহিনীর নিয়মিত টহলর চলছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোল চত্বরে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক আব্দুল মজিদ জানান, যাত্রীবেশে ১৮ দলের লোকজন নাশকতার উদ্দ্যেশে কোনো আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক বহন করছে কি-না, তা দেখা হচ্ছে।

এছাড়া কোনো যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন করলে তাদেরকে নামিয়ে দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিরোধী জোটের ডাকা ২৯ ডিসেম্বর ঢাকায় ‘মার্চ-ফর-ডেমোক্রাসি’ সামনে রেখে নাশকতা এড়াতে এ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের গোলচত্বর, উত্তরাঞ্চলের প্রবেশপথ সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বরের ৪টি মহাসড়কের মোড়ে, সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি বাজার, একই মহাসড়কের চান্দাইকোনা বাজার ও নাটোর-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি-মান্নাননগর এলাকায় বসানো হয়েছে এসব চেকপোস্ট।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ফরিদ আহম্মেদ জানান, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরকদ্রব্য, মাদক পরিবহনসহ নাশকতার আশঙ্কায় যাত্রীবাহী যানবাহনগুলোতে তল্লাশি করা হচ্ছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।