২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কুয়াশায়’ চীনের উপপররাষ্ট্র মন্ত্রীর সফর স্থগিত

চীনের উপপররাষ্ট্র মন্ত্রী লিউ ঝেনমিনের ঢাকা সফর স্থগিত করা হয়েছে বলে ঢাকায় দেশটির দূতাবাস জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 09:00 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

শুক্রবার চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কুয়াশায় ফ্লাইট বাতিল’ হওয়ায় উপপররাষ্ট্র মন্ত্রীর সফর স্থগিত করা হয়।

শনিবার বেলা ১টার পর লিউ ঝেনমিনের ঢাকা পৌঁছানোর কথা ছিল বলে এর আগে কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন। তার দুই দিনের এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানের বিষয়টিও গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছিল।

চীনা দূতাবাস জানায়, কুনমিং হয়ে এমইউ২০৩৫ ফ্লাইটে ঢাকা আসার কথা ছিল লিউ ঝেনমিনের। কিন্তু ঘন কুয়াশার কারণে কুনমিং বিমানবন্দর থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে।

“কুয়াশার কারণে আগামীকাল বিকাল পর্যন্ত সেখান থেকে কোনো ফ্লাইট ছাড়বে না।”

“হঠাৎ ফ্লাইট বাতিল হওয়ায় লিউ ঝেনমিনের জন্য আমরা অন্য কোনো ফ্লাইটের ব্যবস্থা করতে পারিনি। তাই সফর স্থগিত করা ছাড়া আমাদের অন্য কোনো বিকল্প ছিল না,” বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

উপপররাষ্ট্র মন্ত্রী লিউ ঝেনমিনের সফর নিয়ে কোনো অগ্রগতি হলে পরে সাংবাদিকদের জানানো হবে দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ঝেনমিনের কার্যপরিধির মধ্যে এশিয়া, চুক্তি ও আইন, সীমান্ত ও সমুদ্র সংক্রান্ত বিষয়াদি রয়েছে।

আগামী ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঢাকায় আসার কথা ছিল চীনের উপপরাষ্ট্র মন্ত্রী ঝেনমিনের। প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচন বর্জন করে তা প্রতিহতের ঘোষণা দেয়ায় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে।

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে উদ্বেগ জানিয়ে আসছে চীন।

সাধারণত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে চীন বিরত থাকলেও বাংলাদেশ নিয়ে দেশটির এই উদ্বেগ ‘আঞ্চলিক স্বার্থে’ তাদের আরো সোচ্চার হওয়ার ইঙ্গিত দেয়।

গত অগাস্টে ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জুন বাংলাদেশে রাজনৈতিক সমঝোতার জন্য প্রধান দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানান।

বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের ‘উন্নয়নের জন্য স্থিতিশীলতা জরুরি’ বলে অভিমত দেন তিনি।

রাজনৈতিক সংকট সমাধানে আলোচনায় বসতে এরপরেও বেশ কয়েকবার রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান চীনা রাষ্ট্রদূত।