বরিশাল থেকে বাসের পর লঞ্চও বন্ধ
বিরোধী দলের ঢাকা অভিযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে উৎকণ্ঠার মধ্যে বরিশাল থেকে ঢাকামুখী বাস ও লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। খুলনা বিভাগের আরো কয়েকটি জেলা থেকে ঢাকার বাসের যাত্রা বাতিল করা হয়েছে বলেও জানা গেছে।
ফাইল ছবি ফাইল ছবি
শুক্রবার রাতে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো লঞ্চ ছাড়ছে না বলে জানিয়েছেন পারাবত লঞ্চ কোম্পানির সুপারভাইজার সেলিম আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাত পৌনে ৮টার দিকে স্থানীয় প্রশাসন থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখতে বলেছে। তাই রাতে ঢাকার উদ্দেশ্যে চারটি লঞ্চ যাত্রা করার কথা থাকলেও কোনো লঞ্চ ছাড়বে না।”
এদিকে শুক্রবার বেলা সাড়ে ১১টার পর থেকে ঢাকার দিকে কোনো বাস ছাড়ছে না বলে জানিয়েছেন বরিশাল বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন ।
তিনি বলেন, “নাশকতার আশংকায় মালিকপক্ষ নিজেরাই বরিশাল থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।
“হরতাল ও অবরোধের নামে বাস ও মানুষ পুড়িয়ে দেয়ায় পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে।”
রোববারের কর্মসূচিকে কেন্দ্র করে আরো সহিংসতা হতে পারে বলেও আশংকা করছেন তারা।
শুক্রবার সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের বেশ কয়েকটি টিকিট কাউন্টারের কর্মকর্তারা জানান, সকাল থেকে খুলনা, বাগেরহাট ও পিরোজপুর থেকে তাদের কোনো বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসেনি।
সায়েদাবাদ টার্মিনালের বলেশ্বর পরিবহনের টিকেট বিক্রেতা হিরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ঢাকা থেকে দুটো ট্রিপ ছাড়া হলেও বাগেরহাট ও পিরোজপুর থেকে কোনো বাস না ছেড়ে আসায় তারাও বাস ছাড়া বন্ধ রেখেছেন।
তিনি বলেন, “পুলিশ নিরাপত্তার কথা বলে বাস ছাড়তে দেয়নি। যে কারণে আমরাও ছাড়তে পারছি না।”
বলেশ্বর পরিবহণ লঞ্চ পারাপারের মাধ্যমে যাত্রী পরিবহণ করে। সায়েদাবাদ থেকে একটি বাসে প্রথমে যাত্রীদের মাওয়া ঘাটে নেয়া হয়। যাত্রীরা লঞ্চে উঠে পদ্মা পার হয়ে একই পরিবহনের আরেকটি বাসে উঠে গন্তব্য বাগেরহাট, পিরোজপুর, খুলনা যান। এর পর অন্যপ্রান্ত থেকে আসা গাড়ীর যাত্রীদের নিয়ে ফিরে আসে মাওয়া ঘাটে অপেক্ষমান গাড়িটি।ফালগুনী পরিবহনের কাউন্টার কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কোনো গাড়ি খুলনা, বাগেরহাট, রায়েন্দা বা পিরোজপুর থেকে আসছে না। আমরা সকালে ঝুঁকি নিয়ে একটি গাড়ি ছেড়েছি। জানি না ফেরি পাবে কি না।”
এরপর থেকে পরিবহণের মালিকরা কোনো সিগন্যাল না দিলে আর গাড়ি ছাড়া হবে না বলেও জানান তিনি।
একই বক্তব্য সুন্দরবন পরিবহনের কাউন্টারে থাকা মাসুদ আলমেরও। তিনি বলেন, “কোনো গাড়ি আসতে পারছে না। এখন যদি এখান থেকে সব গাড়ি ছেড়ে দিই তাহলে সব গাড়ি একদিকে চলে যাবে। তখন আমরা সমস্যায় পড়ব। এজন্য আমরা এখান থেকে হিসেব করে গাড়ি ছাড়ছি।”
এদিকে চুয়াডাঙ্গায় প্রশাসন ঢাকাগামী কোচ চলাচল বন্ধ রাখার মৌখিক নির্দেশ দিয়েছে বলে পরিবহণ শ্রমিক ইউনিয়ন দাবি করলেও প্রশাসনের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম বলেন, “মৌখিকভাবে প্রশাসনের পক্ষ থেকে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত ঢাকাগামী কোচ চলাচল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
“এভাবে কোনো কারণ ছাড়া যানবাহন চলাচল বন্ধ করা ঠিক নয়। দুদিন আগেও প্রশাসন থেকে বলা হয়েছিল, পুলিশ প্রহরায় গাড়ি চলবে। আজ এলো বন্ধের নির্দেশ। নির্দেশ না মেনেও আমাদের উপায় নেই।”
নিজেদের পরিচয় গোপন রাখার শর্তে একাধিক পরিবহন শ্রমিক বলেন, শুক্রবার সকাল ১১টার পর থেকে ঢাকাগামী কোচ চলাচল বন্ধ রাখতে হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা সড়ক ও পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, “পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে গাড়ি চলাচল কিংবা বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তারপরও ঢাকাগামী কোচ চলাচল বন্ধ রেখেছেন সংশ্লিষ্ট মালিকরা। সাংগঠনিকভাবে কাউকে নিষেধ করা হয়নি।”
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. রশীদুল হাসান বলেন, “আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই। মালিকপক্ষ কেন গাড়ি চালাচ্ছেন না তা বলতে পারবো না।”
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন বলেন, “ঢাকাগামী গাড়ি চলাচল বন্ধ রাখার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। যাত্রী সংকটে লোকসানের ভয়েও মালিকপক্ষ গাড়ি চলাচল বন্ধ রাখতে পারে।”
পিরোজপুর জেলা বাস-মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি হান্নান ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জানান, যাত্রী কম থাকায় তারা ঢাকার উদ্দেশে কোনো পরিবহন ছাড়বেন না।
তবে শনিবার থেকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের সঙ্গে একাত্মতা ঘোষণা করায় তারা দূরপাল্লার সব পরিবহন পুরোপুরি বন্ধ রাখবেন বলে জানিয়েছেন।
জেলা বাস টার্মিনালে অবস্থান করা নাম প্রকাশে অনিচ্ছুক একটি পরিবহনের ম্যানেজার বলেন, “আমাদেরকে অঘোষিতভাবে ঢাকার উদ্দেশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পরিবহন না চালানোর জন্য হুঁশিয়ার করে দেয়া হয়েছে।”
এদিকে জেলার হুলারহাট নৌ-বন্দর থেকে এমভি রাজদূত, এমভি অগ্রদূত ও এমভি টিপু শুক্রবার বেলা ৪টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে বলে জানিয়েছেন লঞ্চের ঘাট সুপারভাইজার জুলু।
আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন প্রতিহত করতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ২৯ ডিসেম্বর ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি ঘোষণা করে সারা দেশ থেকে জনগণকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
এই কর্মসূচিকে কেন্দ্র কোনো ধরণের সহিংসতা বা নাশকতা হলে তা প্রতিরোধের হুমকি দিয়েছেন সরকারি দলের নেতারা।
