সিইসির গ্রামের বাড়ির সামনে নাশকতা
চুয়াডাঙ্গার আন্দুলবাড়িয়ায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদের গ্রামের বাড়ির সামনে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা।
জীবননগর থানার ওসি মশিউর রহমান জানান, বৃহস্পতিবার রাতে ওই ঘটনার পর বাড়ির সামনের কলাবাগান থেকে একটি পেট্রোল ভর্তি বোতল উদ্ধার করেছে পুলিশ।
তিনি জানান, দাহ্য তরলভর্তি বোতলের মুখে আগুন দিয়ে
বাড়ির ২০ গজ সামনে কলাবাগানের ভেতরে ছুড়ে দেয়া হয়। এতে কলাবাগানের শুকনো কিছু পাতা পুড়ে যায়।
এক সময় ওই বাড়িতে কাজী রকিবের স্বজনরা থাকলেও এখন সেটি তালাবন্ধই থাকে বলে জানান ওসি।
পাশের বাড়ির বাসিন্দা রুহুল আমিন সন্টু জানান, রাতে তারা কোনো শব্দ পাননি। সকালে কলা বাগানের পাতা পোড়া দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
ওসি মশিউর জানান, বৃহস্পতিবার রাতেও পুলিশ সিইসির বাড়ি এলাকায় টহল দিয়েছে। তবে তখন তারা সন্দেহজনক কিছু দেখেননি।
৫ জানুয়ারির নির্বাচন স্থগিতের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধের মধ্যে গত দুই মাসে দেশের বিভিন্ন স্থানে ইসি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। রাজধানীতে একাধিক নির্বাচন কমিশনারের বাসার সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
