কিশোরগঞ্জে আগুনে পুড়ল ১৫ দোকান
কিশোরগঞ্জ জেলা শহরের বড়বাজারে ভয়াবহ আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে।
বৃহপতিবার রাত সোয়া ১০টার দিকে স্থানীয় ইকবাল হোসেনের মালিকানাধীন সুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে উপ-পরিচালক প্রাণনাথ সাহা জানান।
তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল হাসান জানান, আগুনে ১৫টি দোকান মালামালসহ পুরোপুরি পুড়ে গেছে। এর মধ্যে সুতা, কাপড়, জুতা ও মনোহারী সামগ্রীর দোকানও রয়েছে।
এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
