পুলিশ হত্যা: মিনু, বুলবুলসহ সাড়ে তিনশ আসামি
রাজশাহীতে টহল ট্রাকে বোমা মেরে পুলিশ হত্যার ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ১৮ দলের সাড়ে তিনশ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
স্বামী সিদ্ধার্থ সরকারের আহত হওয়ার পর মুষড়ে পড়েন কনস্টেবল দীপ্তি সরকার। দুপরে হামলার পর রাতে মারা যান সিদ্ধার্থ। স্বামী সিদ্ধার্থ সরকারের আহত হওয়ার পর মুষড়ে পড়েন কনস্টেবল দীপ্তি সরকার। দুপরে হামলার পর রাতে মারা যান সিদ্ধার্থ।
রাজশাহীতে বোমাহামলায় নিহত কনস্টেবল সিদ্ধার্থ সরকার। রাজশাহীতে বোমাহামলায় নিহত কনস্টেবল সিদ্ধার্থ সরকার।
জামায়াত নেতার হুমকির পরই পুলিশের ট্রাকে বোমা
পুলিশের ট্রাকে বোমা কনস্টেবল নিহত
বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানান, বৃহস্পতিবার রাতে এসআই রফিকুল ইসলাম হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দুটি দায়ের করেন।
ওই ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার ভোর পর্যন্ত মোট ৪৪ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের বিক্ষোভ সমাবেশে এক জামায়াত নেতা পুলিশকে হুমকি দেয়ার আধাঘণ্টার মধ্যে শহরের রাজাহাতা লোকনাথ স্কুলের মোড়ে পুলিশের একটি টহল ট্রাকে বোমা হামলা হয়।
এতে আহত নয় পুলিশের মধ্যে সিদ্ধার্থ চন্দ্র সরকার নামে কনস্টেবলকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগরের সভাপতি মিজানুর রহমান মিনু, জেলা সভাপতি নাদিম মোস্তফা, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহীর সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আসম মামুন শাহিন, মাইনুল ইসলাম ও মাহবুব হাসান বুলবুলসহ ৮৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
বাকিদের দেখানো হয়েছে অজ্ঞাতপরিচয় আসামি হিসাবে।
আসামিদের মধ্যে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাইনুল ১৮ দলের বিক্ষোভ মিছিলের আগে ভুবনমোহন পার্কে এক সমাবেশে পুলিশের ওপর হামলার হুমকি দেন বলে ওসি জানান।
“তিনি পুলিশের উদ্দেশে বলেন, ২৯ ডিসেম্বর ঢাকামুখী ‘গণতন্ত্র অভিযাত্রায়’ বাধা দেয়া হলে পুলিশকে প্রতিহত করা হবে। ১৮ দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে মোড়ে মোড়ে গণ বিস্ফোরণ ঘটবে।”
এদিকে আসামিদের ধরতে বৃহস্পতিবার দুপুর থেকেই রাজশাহীতে বিশেষ অভিযান শুরু করেছে র্যর্যাব ও পুলিশ। শুক্রবার ভোর পর্যন্ত আটক করা হয়েছে মোট ৪৪ জনকে।
মিজানুর রহমান মিনু, নাদিম মোস্তফা ও মোসাদ্দেক হোসেন বুলবুল
ঘটনার সময় একই ট্রাকে থাকা কনস্টেবল আলমগীর সাংবাদিকদের জানান, ১৮ দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষ করে ওই পথ দিয়ে যাওয়ার সময় রাজাহাতা লোকনাথ স্কুলের মোড়ে তাদের গাড়িতে একটি শক্তিশালী হাতবোমা ছোড়ে।
বোমাটি ট্রাকের ভেতরে কনস্টেবল সিদ্ধার্থের বুলেটরোধী জ্যাকেটের ওপর পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়।
সিদ্ধার্থের স্ত্রী দীপ্তি সরকারও পুলিশ কনস্টেবল। তিনি রাজশাহীতে কর্মরত। সিদ্ধার্থ রংপুরের কাউনিয়া উপজেলার বিমল সরকারের ছেলে।
বোমা হামলায় আহতদের মধ্যে কনস্টেবল আনন্দ, তহিদ, শাহরিয়ার, মজিদ, রায়হান, রাফি, সোহেল ও আসাদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
