কায়সারের অভিযোগ গঠনের শুনানি ৩১ ডিসেম্বর
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিনে থাকা সাবেক প্রতিমন্ত্রী জাতীয় পার্টি নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠনে আসামিপক্ষের পরবর্তী শুনানি হবে আগামী ৩১ ডিসেম্বর।
বৃহস্পতিবার আসামিপক্ষের আইনজীবী রেজাউল করিমের শুনানি নিয়ে এই দিন ঠিক করে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
শুনানিতে রেজাউল করিম বলেন, “তার (কায়সার) বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিচার দালাল আইনে (কোলাবরেটর অ্যাক্ট) হয়েছিল। তখন তিনি বেকসুর খালাস পেয়েছিলেন। তিনি সম্পূর্ণ নির্দোষ, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন। একই অপরাধে এক ব্যক্তির বিরুদ্ধে দুইবার বিচার হতে পারে না।”
পরে ট্রাইব্যুনাল আগামী ৩১ ডিসেম্বর দিন অভিযোগ গঠনের শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
গত ১০ নভেম্বর সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে একাত্তরে নয় ধরনের মানবতাবিরোধী অপরাধের ১৮টি অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এর মধ্যে হত্যা, গণহত্যা, নির্যাতন, আটক, ধর্ষণ, মুক্তিপণ আদায়, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে।
২৩ সেপ্টেম্বর প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর কাছে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন এ মামলার তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম।
১৫ মে কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আদালতের নির্দেশের পর ওইরাতেই গ্রেপ্তার করা হয় মুসলিম লীগের সাবেক এই নেতাকে। এরপর তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
২১ মে কায়সারকে হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
গত ৪ আগস্ট সৈয়দ কায়সারকে শর্তসাপেক্ষে জামিন দেয় ট্রাইব্যুনাল।
