২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৬

নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্যসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 08:01 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

বৃহস্পতিবার দুপুরে পুলিশ-সন্ত্রাসী গুলি বিনিময়ে চার পুলিশ সদস্য আহত হওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। 

আহতরা হচ্ছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজালাল মিয়া, থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইয়াসিন এবং কনস্টেবল আসাদ মিয়া।

এ ছাড়া সংঘর্ষের সময় গুলিবিদ্ধ অবস্থায় শহরের ‘শীর্ষ সন্ত্রাসী’ বান্টিসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার ভোরে শহরের বাবুরাইল তাঁতীপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বদু মিয়ার ছেলে সবুজ মিয়াকে (২৮) ৫ রাউন্ড গুলি ও ৫৫ টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে তথ্য পেয়ে বেলা দুইটার দিকে তার নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের সৈয়দপুর এলাকায় অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।

এ সময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সোয়াদ হোসেন ওরফে বান্টিকে ১৩ রাউন্ড গুলি ভর্তি তিনটি বিদেশী পিস্তল ও একটি ছোরাসহ গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

বান্টির বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।