চট্টগ্রামে জামায়াত-বিএনপির ১৬ নেতাকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ড ও লোহাগাড়ায় নাশকতায় জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামী ও যুবদলের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তাররা মঙ্গলবার সকালে ফৌজদারহাটে পেট্রোল বোমা হামলায় দোকানে অগ্নিসংযোগ ও গরু পুড়িয়ে মেরে ফেলার মামলার আসামি।
তিনি জানান, তাদের মধ্যে পাঁচজন জামায়াত ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের এবং পাঁচজন বিএনপি ও তার সহযোগী সংগঠন যুব ও স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে যুক্ত।
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান জানান, সেখানে গ্রেপ্তার হওয়া ছয়জনই জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত।
এদের সবার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
