২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মা দুর্নীতিতে জড়িতরা আমার কেউ নয়’

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠা কেউই আওয়ামী লীগের নয় বলে জানিয়েছেন দলের সভানেত্রী শেখ হাসিনা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 07:14 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

দশম জাতীয় সংসদ নির্বাচনের এবারের প্রচারণার শুরুতে বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা উপজেলার বিশ্বরোড় মোড় এলাকার বালুর মাঠে জনসভায় এ কথা বলেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, “যাদের বিরুদ্ধে পদ্মা সেতুর নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগ রয়েছে, তারা আমার কেউ নয়। আওয়ামী লীগেরও কেউ নয়। আমার আত্মীয় বাংলার জনগণ, আওয়ামী লীগের নেতাকর্মীরা।”

পদ্মা সেতু প্রকল্প কেলেঙ্কারীতে জড়িত থাকার অভিযোগ ওঠা ব্যক্তিদের মধ্যে অন্যতম আবুল হোসেনকে শেষ পর্যন্ত মন্ত্রিত্ব থেকেই সরে দাঁড়াতে হয়েছিল। এবার দেয়া হয়নি তাকে দলীয় মনোনয়নও।

আন্দোলন কর্মসূচির নামে বিরোধীদলের সহিংসতার সমালোচনা করে হাসিনা বলেন, “বিরোধীদল আন্দোলনের নামে মানুষ হত্যায় নেমেছে। জনগণ তাদের এই ধ্বংসাত্মক রাজনীতিতে সাড়া দেবে না।”

“নৌকা মার্কা স্বাধীনতা, শান্তি, উন্নয়ন ও গণতন্ত্রের প্রতীক। এ মার্কায় ভোট দিয়ে মানুষ দেশের স্বাধীনতা পেয়েছে।”

সেখানে ফরিদপুর-৪ আসনের দুটি উপজেলায় জনসভা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফরউল্লাহর পক্ষে নৌকা মার্কায় ভোট চান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি হয়েছে। অন্যদের রায়ও কার্যকর করা হবে।

“যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি নির্বাচনে আসেনি। তারা নির্বিচারে বোমা ও আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করে সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে। একদিন হুকুমের আসামি হিসেবে তার বিচার হবে।

“বিজয় মাস বিরোধী দলীয় নেতার পছন্দ নয়। কারণ এই মাসেই বাঙালি জাতি বিজয় অর্জন করেছিল।”

২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ী হওয়ার প্রসঙ্গে টেনে তিনি বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়েই তিনি সেই দিনটিকে বেছে নিয়ে মানুষকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছে।  কিন্তু মানুষ সে আহ্বানে সাড়া দেবে না।

ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন এ জনসভায় সভাপতিত্ব করেন।

পরে ওই আসনের নির্বাচনী এলাকা সদরপুর স্টেডিয়ামে অপর এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী।

দুটি স্থানেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বাদ্যযন্ত্র বাজিয়ে ও দলীয় প্রতীক নিয়ে জনসভায় যোগ দেন।

বৃহস্পতি ও শুক্রবার ফরিদপুর, গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জে আওয়ামী লীগের ছয়টি জনসভায় অংশ নেবেন দলীয় সভানেত্রী। এ নিয়ে প্রতিটি স্থানেই চলছে ব্যাপক প্রস্তুতি। এলাকার নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা চলছে।

ভাঙ্গা চৌরাস্তার বালুর মাঠের জনসভার পর সদরপুর স্টেডিয়ামেও বক্তৃতা করেন শেখ হাসিনা।

এরপর গোপালগঞ্জের টুঙ্গীপাড়া জিটি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং শুক্রবার গোপালগঞ্জের কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজ মাঠ, লৌহজং কলেজ মাঠে এবং শ্রীনগর স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় ভাষণ দেবার কথা রয়েছে তার।

পুরনো খবর:

‘২৯ ডিসেম্বর খালেদার পরাজয়ের দিন’