২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি আসনকে ঝুঁকিপূর্ণ বললেন চট্টগ্রামের জনপ্রতিনিধিরা 

দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী আসনকে ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছেন সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা।

চট্টগ্রাম ব্যুরো

)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2013, 09:14 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

বুধবার চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধিদের নিয়ে জেলা প্রশাসনের আইন শৃঙ্খলা সভায় এ ঝুঁকির কথা জানান তারা।

সভায় চট্টগ্রামের সংসদীয় আসন-১৬ (বাঁশখালী) বাঁশখালীর পৌর মেয়র শেখ মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, বাঁশখালী নির্বাচনের জন্য ঝুঁকিপূর্ণ একটি এলাকা। এখানে বেশ কিছু এলাকায় জামায়াতের শক্ত ঘাঁটি রয়েছে। বিগত সময়ে সেখানে বিভিন্ন ধরনের সহিংসতা হয়েছে।

সংসদ নির্বাচনের প্রার্থীরা এলাকায় যেতে পারছেন না বলেও অভিযোগ তার। এলাকাটি ঝুঁকিপূর্ণ বিবেচনা করে আইনশৃঙ্খলার বিষয়টি খেয়াল রাখার জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানান তিনি।

সভায় সাতকানিয়া ও লোহাগড়া নিয়ে গঠিত চট্টগ্রাম-১৫ আসনটি ঝুঁকিপূর্ণ বলেও দাবি করেন সাতকানিয়ার উপজেলা চেয়ারম্যান আব্দুল মোনাফ।

চট্টগ্রামের পুলিশ সুপার কেএম হাফিজ আক্তার বিভিন্ন এলাকায় সহিংসতা বন্ধে জনগণকে উদ্বুব্ধ করতে জনপ্রতিনিধিদের আহবান জানান।

তিনি বলেন, নির্বাচন পর্যন্ত বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে।

আইন শৃঙ্খলা বাহিনী এখন নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে জানিয়ে পুলিশ সুপার বলেন, “দায়িত্ব পালনে যদি কারো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”      

চট্টগ্রামের জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন জনপ্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার কেএম হাফিজ আক্তার, ২৪ পদাতিক ডিভিশনের মেজর মাহফুজ, ২৮ বিজিবি ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর সাব্বির আহমেদসহ প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

ভোটাররা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারে সে ব্যাপারে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে জনপ্রতিনিধিদের আহবান জানান জেলা প্রশাসক আব্দুল মান্নান।

নির্বাচনে যাতে কেউ আতঙ্ক সৃষ্টি করতে না পেয়ে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, বিভিন্ন এলাকায় রাস্তার গাছ না কাটার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

“যদি গাছ কাটার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায় এবং কারও বাড়িতে কাটার সরঞ্জাম পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’’

নিরাপত্তা চাইলেন পরিবহন নেতারা

বৈঠকে চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মৃণাল চৌধুরী গত কয়েক মাসের সহিংসতায় অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপত্তা দাবি করেন। 

নির্বাচনে গাড়ি রিকুইজিশনের নামে হয়রানি বন্ধের দাবিও জানান তিনি।

নির্বাচনে বিআরটিসি’র গাড়িগুলোর সর্বোচ্চ ব্যবহারের পরামর্শ দিয়ে সিপিবির এই নেতা বলেন, “সরকারি কোনো গাড়ি যদি ক্ষতির শিকার হয়, তাহলে সরকারের যতটা চাপ পড়বে, তার চেয়ে ব্যক্তি মালিকানাধীন কোনো গাড়ি ক্ষতির শিকার হলে তা পোষাতে মালিকের অনেক বেশি চাপ পড়বে।”