২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ হত্যাকারীদের ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রাজধানীর বাংলা মোটরে বাসে আগুন দিয়ে পুলিশকে পুড়িয়ে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2013, 08:17 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

বুধবার প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।

মঙ্গলবার রাতের এই ঘটনায় ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ১৮ দলীয় জোটের নেতাদের আসামি করেছে পুলিশ।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব বলেন, “আগুন দিয়ে পুলিশ হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। হত্যাকারীদের গ্রেপ্তার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।”

পুলিশবাহী বাসে আগুন দেয়ার ঘটনার প্রত্যক্ষদর্শী একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি মোটর সাইকেলে করে এসে দুই ব্যক্তি অগ্নিসংযোগ করে।

১৮ দলের পঞ্চম দফা অবরোধ কর্মসূচি শেষ হওয়ার পর মঙ্গলবার রাতে বাংলামোটর পুলিশ বক্সের সামনে ওই বাসে অগ্নিসংযোগে কনস্টেবল মো. ফেরদৌস খলিল (৩৫) নিহত হন। আহত নহন চালকসহ দুজন।

রমনা থানায় পুলিশের করা ওই মামলায় অজ্ঞাত পরিচয়ের ১৮ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। উস্কানিদাতা হিসেবে আসামি করা হয়েছে ফখরুলসহ ১৮ নেতা-কর্মীকে।

আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম।

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান ও কেন্দ্রীয় নেতা সফিকুল ইসলাম মাসুদকেও আসামি করা হয়েছে।

শেখ হাসিনার নির্বাচনী সফর বৃহস্পতিবার শুরু

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার থেকে নির্বাচনী সফর শুরু করছেন বলে প্রেসসচিব আবুল কালাম আজাদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ফরিদপুর ও গোপালগঞ্জের তিনটি জনসভায় এবং শুক্রবার গোপালগঞ্জ এবং মুন্সীগঞ্জের আরো তিনটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

আওয়ামী লীগ নেতারা জানান, শেখ হাসিনা বৃহস্পতিবার টুঙ্গীপাড়া জিটি হাইস্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

টুঙ্গীপাড়া যাওয়ার আগে ফরিদপুরের ভাঙায় এবং সদর স্টেডিয়ামেও আরো দুটি জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

এছাড়া শুক্রবার সকালে কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান ডিগ্রী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী।

ওই দিনই ঢাকায় ফেরার পথে দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং ডিগ্রী কলেজ মাঠ এবং বিকালে শ্রীনগর স্টেডিয়ামে জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা।

বিএনপির বর্জনের মধ্যে আগামী ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে তিনটি আসনে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা।

পুরনো খবর:

বাংলামোটরে পুলিশ হত্যা মামলায় ফখরুল আসামি
ঢাকায় বাসে আগুনে মারা গেলেন পুলিশ সদস্য