২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ভাংচুর, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ

চারদিনের অবরোধের শিষদিনে রংপুরের মিঠাপুকুর উপজেলায় গাছ কেটে মহাসড়ক অবরোধ করেছে জামায়াত-শিবিরকর্মীরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 04:13 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

মঙ্গলবার সকালে উপজেলা সদরের আল ফারুক ইনস্টিটিউটের সামনে এ অবরোধকালে তারা আটটি যানবাহন ভাংচুর এবং পাঁচটি বাসে অগ্নিসংযোগ করে। এছাড়া শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

এ ঘটনার পর এলাকায় পুলিশ ও র‌্যাবের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় বলে পুলিশ জানিয়েছে।

মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে আইনশৃঙ্খলা বাহিনী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

এরপর দলটির কয়েকশ নেতাকর্মী বেলা ১০টায় আল ফারুক ইনস্টিটিউটের সামনে গাছ কেটে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা পাঁচটি বাস ভাংচুর করে এবং শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়’।   

পরে পুলিশ, র‌্যাব ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়।  

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী জোট পঞ্চম দফায় চারদিনের অবরোধ করে গত শনিবার থেকে মঙ্গলবার পর‌্যন্ত।