ফেনীতে হামলায় আহত যুবকের মৃত্যু
এলাকায় আধিপত্যকে নিয়ে ফেনীতে প্রতিপক্ষের হামলার চারদিন পর আহত এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত হোসেন শাহীনের (২০) মৃত্যু হয়। শাহীন ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম শিলুয়া গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে।
মঙ্গলবার ফেনী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, প্রতিপক্ষের হামলার আহত হয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা মো. বেলাল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
এলাকাবাসী জানান, ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাট বাজরের পাশে গত শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে এলাকায় আধিপত্য ও বিরোধকে কেন্দ্র করে কয়েকজন সন্ত্রাসী শাহীনকে অতর্কিতে হামলা চালিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে।
তিনি তখন দুই বন্ধুসহ মোটরসাইকেলে বাড়ি থেকে লস্করহাট বাজার যাচ্ছিলেন।
তাকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে পরে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করা হয়।
