চট্টগ্রামে বোমাসহ শিবিরকর্মী আটক
চট্টগ্রামের পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকায় অবরোধের সমর্থনে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় ছয়টি হাতবোমাসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ।
পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ইমাম হোসেনকে (১৯) আটক করা হয়। ইমাম ইসলামী ছাত্রশিবিরের কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিবিরহাটে মিছিল করার জন্য জড়ো হয় শিবির কর্মীরা। এসময় তারা হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এক পর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ওসি জাফর বলেন, হাতবোমা বিস্ফোরণের পর পুলিশের ধাওয়ায় অন্যরা পালিয়ে গেলেও ইমরানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ছয়টি হাতবোমা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমাম নগরীর বিভিন্ন এলাকায় বোমাবাজিতে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছে বলে জানান তিনি।
