সন্ধ্যায় বক্তব্য নিয়ে আসছেন খালেদা
বিরোধী দলহীন নির্বাচনের প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে সেই সময়ে নিজেদের বক্তব্য নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় গুলশানে বিরোধী দলীয় নেতা খালেদার রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।
‘একতরফা’ নির্বাচন স্থগিত ও নির্দলীয় সরকারের দাবিতে পঞ্চম দফায় চার দিনের অবরোধ কর্মসূচি শেষ হওয়ার এক ঘণ্টা পরই সাংবাদিকদের মুখোমুখি হতে যাচ্ছেন বিরোধী জোটের শীর্ষ নেতা।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ৫ জানুয়ারি দেশে একটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই নির্বাচনে দেশের প্রধান বিরোধী দলসহ অধিকাংশ রাজনৈতিক দলই অংশগ্রহণ করছে না।
“এই প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে চলমান সঙ্কট ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির ওপর বিরোধীদলীয় নেতা ও ১৮ দলীয় জোটের নেতা খালেদা জিয়া দেশবাসীর উদ্দেশ্যে তার বক্তব্য তুলে ধরবেন।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নির্বাচনকালীন সময়ে সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব নাচক করে গত ২১ অক্টোবর সর্বশেষ সংবাদ সম্মেলনে নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তির নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা তুলে ধরেছিলেন বিরোধী দলীয় নেতা।
সাবেক উপদেষ্টাদের নিয়ে অন্তবর্তী সরকার গঠনের ওই প্রস্তাব সরকার গ্রহণ করেনি। অন্যদিকে ‘সর্বদলীয়’ সরকারে অংশ নেয়নি বিএনপি।
এরপর আওয়ামী লীগ ‘সর্বদলীয় সরকার’ গড়ে নির্বাচনের পথে এগিয়ে গেলে তার জবাবে হরতালের কর্মসূচি দিয়ে যায় ১৮ দল।
নভেম্বরের শেষ দিকে নির্বাচন কমিশন দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলে তা স্থগিতের দাবি জানিয়ে প্রায় টানা অবরোধ চালিয়ে যাচ্ছে তারা।
অবরোধের মধ্যে জাতিসংঘ মহাসচিবের দূত অস্কার ফার্নান্দেজ-তারানকোর মধ্যস্থতায় আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসলেও কর্মসূচিতে যেমন ছাড় দেয়নি বিএনপি, তেমনি নির্বাচনের পথে এগিয়ে চলাও বন্ধ হয়নি সরকারি দলের।
এর মধ্যেই গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি নির্বাচনী প্রক্রিয়ায় না আসায় আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম সংসদ নির্বাচনে তাদের অংশগ্রহণের সুযোগ এখন আর নেই।
তবে বিএনপির সঙ্গে সংলাপ চলবে জানিয়ে তিনি নতুন এক প্রস্তাবে বলেন, সংলাপে যদি সমঝোতা হয় এবং বিএনপি জামায়াতের সঙ্গ ছাড়ে এবং হত্যা বন্ধ করে তাহলে দশম সংসদ ভেঙে নতুন নির্বাচন দেয়া হবে।
এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি ওই প্রস্তাব নাকচ করে তাদের দাবি মেনে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানায়। তবে ওই প্রস্তাবের পর মঙ্গলবারই প্রথম আনুষ্ঠানিক বক্তব্য নিয়ে আসছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
