ট্রাইব্যুনালের সাক্ষী সুরক্ষার তাগাদা এইচআরডব্লিউর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) প্রসিকিউশনের সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
সোমবার নিউ ইয়র্কে সংস্থাটির সদরদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, “প্রসিকিউশনের এক সাক্ষীর হত্যাকাণ্ডে যুদ্ধাপরাধের বিচারে যারা সাক্ষ্য দিয়েছেন এবং সামনে যারা সাক্ষ্য দেবেন তারা ভয় পাবেন। অনেকে সাক্ষ্য নাও দিতে পারেন।”
নিজ বাড়িতে হামলার শিকার হয়ে আহত হওয়ার পর গত ১০ ডিসেম্বর প্রসিকিউশনের সাক্ষী মোস্তফা হাওলাদারের মৃত্যু হয়। জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছিলেন তিনি।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, “যুদ্ধাপরাধের বিচার শুরুর পর এটা ঘিরে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা তৈরি হয়েছে।”
বিবৃতিতে বলা হয়, অচেনা ফোন নম্বর থেকে হাওলাদারকে হত্যার হুমকি দেয়া হয়েছিল। এরপর তার নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়। তবে হাওলাদারের ছেলের বক্তব্য অনুযায়ী, পুলিশের প্রত্যাশা ছিল ওই পরিবার থেকে খাবার পাওয়া যাবে, যার জন্য হাওলাদারের আয়ের চেয়ে বেশি খরচ হতো।
হাওলাদারের ছেলেকে উদ্ধৃত করে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, “আমার বাবা গরিব ছিলেন। কোনো কোনো দিন তার একশ’ টাকাও আয় হতো না। তাই তিনি পুলিশকে বলেছিলেন বাড়িতে পাহারা দেয়ার পাশাপাশি যখন তিনি বাইরে যাবেন তখনই নিরাপত্তা দিলে চলবে।”
এরপর হাওলাদার কাজ থেকে বাড়ি ফেরার সময়ই শুধু তাকে নিরাপত্তা দিত পুলিশ, বাড়িতে কোনো পাহারা ছিল না।
হাওলাদারের পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা প্রথমে হাওলাদারের স্ত্রীকে আঘাত করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ বলেছে, জামায়াতে ইসলামীর কর্মীরা এ হামলা চালিয়েছে। তদন্ত এখনো চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয় জনকে আটক করা হয়েছে।
তবে হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে জামায়াত।
ব্রাড অ্যাডামস বলেন, “সাক্ষীদের মধ্যে যারা প্রত্যন্ত গ্রামে থাকেন তাদের নিরাপত্তার জন্য ব্যাপক কর্মসূচি নিতে হবে এবং তা সাক্ষ্য দেয়ার আগে, সাক্ষ্য দেয়ার সময় ও এর পরে তা চালিয়ে যেতে হবে।
“হাওলাদার ও তার পরিবারকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। একটি যথাযথ সাক্ষী সুরক্ষা ব্যবস্থায় সাক্ষীকে তার নিরাপত্তা ও পরিবারকে চালানোর দুটো বিষয়ের একটি বেছে নিতে বলা হয় না।”
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয়া রনজিত কুমারের দোকান ও বাড়িতে গত ১৫ ডিসেম্বর পেট্রোল বোমা হামলার বিষয়টিও উঠে এসেছে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে।
মধ্যরাতের ওই হামলায় বাড়িতে বোমার বিস্ফোরণ না ঘটলেও তার দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সাক্ষ্য দেয়া নিয়ে তাকে হুমকি দেয়া হয়েছিল বলে আগেই জানিয়েছিলেন রনজিত। এ বিষয়ে থানায় অভিযোগ করলেও তাকে কোনো পুলিশি নিরাপত্তা দেয়া হয়নি বলে বিবৃতিতে জানিয়েছে এইচআরডব্লিউ।
এতে বলা হয়, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের অন্যান্য সাক্ষীদেরও হুমকি দেয়ার কথা হিউম্যান রাইটস ওয়াচের নজরে এসেছে।
এছাড়া বিচারপতি ফজলে কবির ও সুরেন্দ্র কুমার সিনহার গ্রামের বাড়িতে হামলার বিষয়টিও তুলে ধরেছে মানবাধিকার সংস্থাটি।
মোস্তফা হাওলাদার নিহত হওয়ার পর গত ১০ ডিসেম্বর এ বিষয়ে কথা বলেন বিচারপতি কবির।
সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়ে তিনি বলেন, “একটি স্বাধীন দেশে আদালতে সাক্ষ্য দেয়ার জন্য কোনো ব্যক্তির নিহত হওয়ার বিষয়টি গ্রহণযোগ্য নয়।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ আদালতসহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সাক্ষীদের নিরাপত্তায় যেসব পদক্ষেপ নেয়া হয় তার আলোকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের অধীনে একটি স্বতন্ত্র সাক্ষী নিরাপত্তা দপ্তর গড়ে তোলার আহ্বান জানিয়ে হিউম্যান রাইটস ওয়াচ।
এখানে যাদের নিয়োজিত করা হবে তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতেও আহ্বান জানানো হয়েছে।
এছাড়া মোস্তফা হাওলাদারের হত্যাকাণ্ড খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও গতিশীল তদন্তেরও আহ্বান জানিয়েছে তারা।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা থেকে বিরত থাকার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।
তবে সহিংসতায় সম্পৃক্ত নয় বলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যে বক্তব্য-বিবৃতি দেয়া হচ্ছে তা শুধু কথায় নয়, কাজের মধ্য দিয়ে দেখানোর জন্য আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।
এতে বলা হয়, “হিউম্যান রাইটস ওয়াচ দীর্ঘ দিন ধরে ১৯৭১ এর যুদ্ধাপরাধের একটি সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারকে সমর্থন জানিয়ে আসছে। কিন্তু সময়োচিত পদক্ষেপ না নিলে সাক্ষীদের আতঙ্কিত হওয়ার এবং সাক্ষ্য দিতে না চাওয়ার কারণ রয়েছে। সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেয়ার ক্ষমতা রয়েছে বিচারপতিদের এবং এ ক্ষমতার যথাযথ প্রয়োগ জরুরি।”
