নিউ ইয়র্কে পাকিস্তান কনসুলেটের সামনে বিক্ষোভ
যুদ্ধাপরাধী জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাসের প্রতিবাদে এবং এ জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়ার দাবিতে নিউ ইয়র্কে পাকিস্তান কনসুলেটের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
সোমবার বৃষ্টির মধ্যেই বিপুল সংখ্যক নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, পাকিস্তানের মদদেই জামায়াত-শিবির বাংলাদেশে নাশকতা চালিয়ে যাচ্ছে। একাত্তরের যুদ্ধাপরাধীদের মদদ দেয়া বন্ধ না করলে যুক্তরাষ্ট্রেও পাকিস্তানি পণ্য বর্জনের ঘোষণা দেয়া হয় সমাবেশ থেকে।
কর্মসূচির অন্যতম আয়োজক ড. প্রদীপ রঞ্জন কর বলেন, যুক্তরাষ্ট্র যাতে পাকিস্তান থেকে পণ্য আমদানি বন্ধ করে, সেজন্য কংগ্রেসে আবেদন করবেন তারা।
বিক্ষোভ থেকে কনসাল জেনারেলের মাধ্যমে পাকিস্তান সরকারের কাছে একটি স্মারকলিপি পাঠানো হয়। ডেপুটি কনসাল জেনারেল আসিফ খান ওই স্মারকলিপি গ্রহণ করেন।
কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীরা ব্যানার নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে নানা শ্লোগান দেন। বৃষ্টির মধ্যেই শ্লোগান ওঠে- ‘আমি কে তুমি কে/বাঙালি বাঙালি’, ‘একাত্তরের রক্ত বৃথা যেতে দেব না’, ‘কাদের মোল্লার ফাঁসি হলে/পাকিস্তানের জ্বলে কেন’, ‘বঙ্গবন্ধুর বাংলায়/রাজাকারের ঠাঁই নাই’।
১২ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসি কার্যকরের চার দিনের মাথায় ১৬ ডিসেম্বর ওই নিন্দা প্রস্তাব পাস করে পাকিস্তানের পার্লামেন্ট।
একাত্তরে হত্যা-ধর্ষণের মতো মানবতা বিরোধী কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত কাদের মোল্লাকে নির্দোষ বলে দাবি করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমানে রাজনৈতিক নেতা ইমরান খান।
জবাবে গত শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, কাদের মোল্লার ফাঁসির বিষয়ে তাদের পার্লামেন্টে প্রস্তাব পাস করায় বাংলাদেশের ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ হয়নি।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে পাকিস্তানের পার্লামেন্টের এই সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘অনভিপ্রেত’ মন্তব্য করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
গত ২২ ডিসেম্বর এক অনুষ্ঠান শেষে স্পিকার বলেন, “এখানে কোনো দেশের বা অন্য কোনো ক্ষেত্র থেকে নিন্দা জানানোর সুযোগ নেই।”
তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে আন্দোলন চালিয়ে আসা গণজাগরণ মঞ্চ। বাংলাদেশে পাকিস্তান দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করে তারা।
যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের ‘অযাচিত হস্তক্ষেপের’ প্রতিবাদে তারা ক্ষমা না চাওয়া পর্যন্ত দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার দাবিতে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপিও দিয়েছে গণজাগরণ মঞ্চের কর্মীরা।
