ট্রাকে পেট্রোলবোমা, আসবাবের দোকানও পুড়ল
চট্টগ্রামের ফৌজদারহাটে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় জ্বলন্ত একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে আসবাবপত্রের কয়েকটি দোকান, কারখানা ও গুদাম পুড়ে গেছে।
উত্তরবঙ্গ থেকে গরু নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে আক্রান্ত হয় ট্রাকটি। ট্রাকে থাকা ২৬টি গরুর মধ্যে সাতটি পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মারা গেছে।
বিরোধী দলের অবরোধের শেষ দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে অগ্নি নির্বাপক কর্মীরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ সমর্থকরা পেট্রোল বোমা ছুড়লে ট্রাকে আগুন ধরে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং জ্বলন্ত ট্রাক বাজারের পাশে আসবাবপত্রের দোকানে ঢুকে পড়ে। এরপর ট্রাকের আগুন আশপাশের চারটি আসবাবের দোকান, কারখানা ও গুদাম, থাই এলুমিনিয়ামের একটি দোকান ও রেলওয়ে কলোনির একটি ঘর পুড়ে যায়।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো- নিজামুদ্দিন চৌধুরীর রাইজিং এন্টারপ্রাইজ, আবুল কালাম চৌধুরীর ফার্নিচার হাউজ, ইউনূস চৌধুরীর উদয়ন ফার্নিচার, মো. সালাউদ্দিনের ডি ট্রেড সিন্ডিকেট এবং মোহাম্মদ ইকবালের মালিকানাধীন থাই অ্যালুমিনিয়ামের দোকান।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে অন্তত সাতটি গরু দগ্ধ হয়ে মারা গেছে বলে তারা জানতে পেরেছেন। ট্রাক চালক বা অন্য কেউ আহত হয়েছেন- কিনা তা জানা যায়নি।
