সেনাবাহিনীকে ‘বিতর্কিত’ করতে চাইছে বিএনপি: নাসিম
বিএনপি সেনাবাহিনীকে ‘বিতর্কিত’ করতে চাইছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলে বিরোধী দলের নেতাদের বক্তব্যের জবাবে পাল্টা এই অভিযোগ করেন ক্ষমতাসীন দলের এই নেতা।
সোমবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক যৌথসভা শেষে নাসিম সাংবাদিকদের বলেন, বিএনপি নেতারা সেনাবাহিনীকে বিতর্কিত করতেই কথা বলা শুরু করেছেন।”
শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, বিরোধী দলবিহীন সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের মাধ্যমে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে।
দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার নির্বাচন কমিশন আগামী ২৬ ডিসেম্বর থেকে ১৫ দিনের জন্য সারাদেশে সেনা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, “বিএনপি সকল স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করেছিল।
“যখনি সেনাবাহিনী আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত হয়েছে, তখন তাদের বিতর্কিত করতে বিএনপি নেতারা কথা বলা শুরু করেছে।”
“তাদের উদ্দেশ্য একটাই। নির্বাচন যাতে না হয়। আশা করবো দেশবাসী তাদের চেহারা বুঝে গেছে,” বলেন ১৪ দলের মুখপাত্র।
আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ‘উৎসব মুখর’ পরিবেশে ভোট দিতে আহ্বান জানিয়ে তিনি বলেন, “কেউ খেলার মাঠ থেকে চলে গেলে আমাদের কিছু করার নেই।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে যুদ্ধাপরাধীদের রায়ের পর বিএনপি চেয়ারপার্সনের প্রতিক্রিয়া না থাকার সমালোচনা করেন নাসিম।
দেশের সার্বিক পরিস্থিতি এবং মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ১৪ দলের জনসভার প্রস্তুতির জন্য ঢাকার আশে-পাশের কয়েকটি জেলার ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় নেতারা।
ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইলের ১৪ দলের নেতাদের সঙ্গে যৌথসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা শিল্প এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী তোফায়েল আহমেদ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
