২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বোমাবাজিতে জড়িত শিবিরকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে শাহ আমানত বিমান বন্দরে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 08:32 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

গ্রেপ্তার শাহেদ হোসেন (২৭) চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।

শনিবার বিকালে নগরীর নন্দনকানন এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় বিমান বন্দরের ভিআইপি গাড়ি পার্কিং লটে একটি হাতবোমার বিস্ফোরণ হয়।

চট্টগ্রাম নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পরপর গ্রেপ্তার একটি বেসরকারি বিমান সংস্থার কর্মচারী শাহাবউদ্দিন জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে কয়েকজনের নাম প্রকাশ করে।

তার দেয়া তথ্যের ভিত্তিতেই শাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও জসিম এবং জাবেদ নামে আরো দুই শিবিরকর্মীর ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে বলা হয়।

জিজ্ঞাসাবাদে শাহেদ জানায়, সে স্কুলে পড়ালেখা অবস্থায় ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত হয়।

এছাড়া জাবেদ পতেঙ্গা আলিয়া মাদ্রাসার এবং জসিম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বিবিএর শিক্ষার্থী।