পেট্রোল বোমায় আহত ট্রাকচালকের মৃত্যু
অবরোধকারীদের পেট্রোল বোমা হামলায় দগ্ধ এক ট্রাকচালক রোববার মারা গেছেন।
মৃত আহছান উল্লাহ (৩২) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন গ্রামের আহম্মদ উল্লার ছেলে।
গত মঙ্গলবার (১৭ডিসেম্বর) রাত সোয়া ১টার দিকে চট্টগ্রামের ভাটিয়ারী এলাকায় তার মালবোঝাই ট্রাকে অবরোধকারীরা পেট্রোল বোমা ছোড়ে। এতে মারাত্মক দগ্ধ হন তিনি।
কমলনগর থানার ওসি হুমায়ুন কবির তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহছান ঘটনার পর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সন্ধ্যায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
