২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সোমবার ছাত্রদলের হরতাল

বিরোধী জোটের অবরোধের মধ্যেই ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার চট্টগ্রামে হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 08:11 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

রোববার সকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনের এক সমাবেশ থেকে এই ঘোষণা দেন সংগঠনের সহ-সম্পাদক এসএম সালাউদ্দিন।

শনিবার রাজধানীতে অবরোধের সমর্থনে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিমকে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রাম নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিনা কারণে ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রামে হরতাল আহ্বান করেছি। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা হরতালের আওতায় থাকবেল।

তবে ওষুধের দোকান, অ্যাম্বুলেন্স, সিটি করপোরেশনের আবর্জনাবাহী গাড়ি ও সংবাদপত্রের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।

গত ৬ ডিসেম্বর সংগঠনের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েলকে গ্রেপ্তারের পর সহ-সভাপতি আবেদকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।