২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট জেলায় আটক ১৫৩

বিরোধী জোটের অবরোধে ভাংচুর, অগ্নিসংযোগ, রাস্তা ও গাছ কাটাসহ নানা নাশকতার অভিযোগে বিভিন্ন জেলায় দেড়শ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 06:49 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

এরমধ্যে রয়েছে বরিশালে ১৬, গাইবান্ধায় ১৮, লালমনিরহাটে পাঁচ, নাটোরে আট, নীলফামারীতে ১৪, নোয়াখালীতে আট, ব্রাহ্মণবাড়িয়ায় ২০ এবং বগুড়ায় ৬৪ জন।

গত ২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলীয় জোট দফায় দফায় অবরোধ-হরতাল করে আসছে।

গত শনিবার থেকে পঞ্চম দফায় শুরু করেছে টানা চারদিনের অবরোধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

বরিশাল

নাশকতার অভিযোগে নগরীর ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরসহ ১৮ দলীয় জোটের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার ভোর থেকে বিকাল পর্যন্ত বরিশাল নগরী ও জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এটিএম মোজাহিদুল ইসলাম জানান, ওয়ার্ড কাউন্সিলর সেলিম ও আ. জলিলের বিরুদ্ধে অবরোধে নাশকতার অভিযোগ রয়েছে।

বরিশালের পুলিশ সুপার একেএম এহসান উল্ল্যাহ জানান, একই অভিযোগে বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-বিএনপির ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

তাদেরকে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

গাইবান্ধা

শনিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে মহিলাসহ ১৮ জামায়াত-শিবির ও বিএনপি নেতাকর্মীকে আটক করেছে।

এর মধ্যে রয়েছে পলাশবাড়ীতে ১০ জন, সাদুল্লাপুরে ৪ জন, সদরে ৩ জন এবং সাঘাটা উপজেলায় একজন।

রোববার আদালতের হাজির করলে তাদের জেল হাজতে পাঠানো হয়।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, দীর্ঘদিন ধরে পলাশবাড়ি উপজেলার বিভিন্ন স্থানে গ্রেপ্তারতরা নাশকতা চালিয়ে আসছিল।

ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগ, গাছ কেটে রাস্তায় অবরোধ সৃষ্টিসহ রাষ্ট্রীয় কাজে বাধার দিচ্ছিল।

গ্রেপ্তার সবাই জামায়াত-শিবির ও বিএনপি নেতাকর্মী বলে তিনি নিশ্চিত করেন।

লালমনিরহাট

শনিবার রাতে জেলা বিভিন্ন এলাকা থেকে আদিতমারী উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারিসহ পাঁচ জনকে আটক করা হয়।

লালমনিরহাটের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারদের নামে হরতাল ও অবরোধে গাড়ি পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে।

তাদেরকে আদালতে পাঠানো হবে বলে এসপি জানান।

নাটোর

অবরোধে ঢাকা-নাটোর মহাসড়কের গাছ কাটার অভিযোগে পুলিশ রোববার ভোরে বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর থেকে বিএনপির আট কর্মীকে গ্রেপ্তার করেছে।

বড়াইগ্রাম থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম জানান, অবরোধ চলাকালে বিএনপিকর্মীরা গত ১১ ডিসেম্বর আহম্মদপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কের পাশের বেশ কিছু গাছ কাটে।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

নীলফামারী

নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও চার আওয়ামী লীগ নেতাকর্মীসহ পাঁচ জন নিহতের মামলায় আরো নয় জনসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরমধ্যে শনিবার রাত ও রোববার নীলফামারী সদর ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা থেকে গাড়িবহরে হামলার মামলায় নয় জনকে গ্রেপ্তার  করা হয়। এ পর্যন্ত এ মামলায় ২৮ জনকে গ্রেপ্তার করা হল।

এছাড়া জেলার জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর থেকে অন্যান্য মামলায় আরো পাঁচ জনকে গ্রেপ্তার করেছ পুলিশ।

নীলফামারী সদর থানার ওসি বাবুল আকতার জানান, গাড়িবহরে হামলার মামলায় গ্রেপ্তারদের আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়েছে।

জলঢাকা ও সৈয়দপুর থানার ওসি পাঁচ জনের গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে।

নোয়াখালী

কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে আইনশৃঙ্খলা বাহিনী জামায়াত-শিবিরের আট কর্মীকে আটক করেছে। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত এ অভিযান চলে।

কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান সাজিদ জানান, আটককৃতরা হরতাল অবরোধে  বিভিন্ন সহিংস ঘটনার সাথে জড়িত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া

রোববার বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা করায় পুলিশ বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীকে আটক করেছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, হরতাল ও অবরোধে নাশকতা ঘটানোর অভিযোগ তাদের গ্রেপ্তার  করা হয়েছে।

বগুড়া

রোববার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলায় মহাসড়ক অবরোধ করার সময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ৬৪ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বগুড়া পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক জানান, এরা জামায়াত-শিবিরের নেতাকর্মী। ক্যান্টনমেন্ট এলাকায় গাড়ি পোড়ানোসহ নানা নাশকতামূলক কাজে এরা জড়িত। এই ৬৪ জন মহাসড়কে ফটকী ব্রিজ ভেঙে ফেলার চেষ্টা করেছিল।

আটকদের মধ্যে রয়েছেন শাহজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুস সালাম, সেক্রেটারি আব্দুল লতিফ, শেরপুর ডিগ্রি কলেজের প্রভাষক জামায়াত নেতা গোলাম ইউনুস, মাঝিড়া উচ্চ বিধ্যালয়ের শিক্ষক আব্দুস সোবাহান।