রাজস্ব ফাঁকি: ভারতীয়সহ ৩ জনের বিরুদ্ধে মামলা
ঘোষণার অতিরিক্ত পণ্য আমদানি ও রাজস্ব ফাঁকির অভিযোগে এক ভারতীয় নাগরিকসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার চট্টগ্রামের বন্দর থানায় মামলাটি করেন দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সিরাজুল হক।
অর্থ পাচার প্রতিরোধ আইনের ৪(২) ধারায় এবং দণ্ডবিধির ৪০৬/৫১১ ধারায় মামলাটি করা হয়।
মামলার আসামিরা হলেন, আমদানিকারক প্রতিষ্ঠান সেবা এন্টারপ্রাইজের মালিক আবদুল খালেক, সিঅ্যান্ডএফ এজেন্ট আনোয়ার হোসেন এবং প্রাকজাহাজীকরণ প্রক্রিয়াকারী (পিএসআই) প্রতিষ্ঠানের প্রতিনিধি ভারতীয় নাগরিক কচি বানসি।
দুদক কর্মকর্তা সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেবা এন্টারপ্রাইজের নামে ভারত থেকে সেভিং রেজার আমদানির জন্য ব্যাংকে ঋণপত্র খোলা হয়। তবে ঘোষণার বেশি প্রায় ১৯ লাখ ৫৬ হাজার টাকা মূল্যের রেজার আমদানি করে প্রতিষ্ঠানটি।
“অতিরিক্ত পণ্যের দাম ব্যংকের মাধ্যমে পরিশোধ না করে হুন্ডির মাধ্যমে ভারতে পাচার করে। এ প্রক্রিয়ায় প্রায় ১০ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেয় আমদানিকারক।”
ঘোষণা বহির্ভূত পণ্য ছাড় করানোর দায়ে সিঅ্যান্ডএফ এজেন্ট এআর সিন্ডিকেটের আনোয়ার হোসেনকে এবং পিএসআই প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে মিথ্যা অনুসন্ধান প্রতিবেদন (সিআরএফ) দেয়ায় ভারতীয় নাগরিক কচি বানসিকে আসামি করা হয়েছে বলেও জানান সিরাজুল হক।
