২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পুলিশ-শিবির সংঘর্ষ, ওসিসহ আহত ৪

গভীর রাতে সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশ-র‌্যাব-বিজিবির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের কর্মীরা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 02:45 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

শনিবার রাতে উপজেলার কুশলিয়া এলাকায় এ ঘটনায় গুলিতে আহত হয়েছেন এক শিবির কর্মী। জামায়াত-শিবিরের ছোড়া ইটে কালিগঞ্জ থানার ওসি আলী আযম খান ও দুইজন কনস্টেবল আহত হয়েছেন।

কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে আসামি ধরতে যৌথ অভিযান চালানো হলে পথে জামায়াত-শিবির কর্মীরা বাধা দেয়।

এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে উপজেলার মোকন্দ মধূসূধনপুর গ্রামের রুহুল আমিনের ছেলে আশরাফুল ইসলাম বাবু (২১) গুলিবিদ্ধ হন।

তাকে আটক করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিদর্শক জানান।

হাসপাতালের চিকিৎসক আব্দুল গফুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাবুর শরীরে অস্ত্রোপচার করা হয়েছে।

এদিকে যৌথ অভিযানে তালা উপজেলার পাটকেলঘাটা, আশাশুনি ও কলারোয়া থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে ছয় জনকে আটক করা হয়েছে বলে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান।

বিএনপি-জামায়াত জোটের ডাকা ৮২ ঘণ্টার অবরোধের কারণে শহরের ঢোকার প্রবেশ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর থেকে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় সহিংসতা লেগেই রয়েছে। এসব ঘটনায় ১৫ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

জামায়াতের ‘ঘাঁটি’ হিসেবে পরিচিত সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আসামি গ্রেপ্তার গত ১৫ ডিসেম্বর রাত থেকে পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথঅভিযান শুরু হয়।